শিরোনাম

ড্রেসিংরুমে ধূমপান করে শাস্তির মুখে ভারতীয় ক্রিকেটার

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ড্রেসিংরুমে ধূমপান করে শাস্তির মুখে ভারতীয় ক্রিকেটার
ক্লজ: সিটিজেন গ্রাফিক্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে ড্রেসিংরুমে বসে ই-সিগারেট বা ভ্যাপ পান করার দায়ে রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। স্টেডিয়ামের নির্দিষ্ট জোন ছাড়া ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ভারতে ই-সিগারেট ব্যবহার বেআইনি হওয়া সত্ত্বেও এমন ক্ড ঘটিয়ে শাস্তির মুখে পড়লেন এ ক্রিকেটার।

মঙ্গলবার (২৮ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থান রয়্যালস ইনিংসের ১৬তম ওভার চলাকালীন ড্রেসিংরুমে সতীর্থ ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়ালের পাশে বসে পরাগকে ই-সিগারেট বা ভ্যাপিং ডিভাইস ব্যবহার করতে দেখা যায়। পরবর্তীতে বুধবার (২৯ এপ্রিল) ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে আইপিএলের প্লেয়ার কোড অব কন্ডাক্টের ২.১ অনুচ্ছেদ অনুযায়ী লেভেল-১ পর্যায়ের অপরাধে তাকে জরিমানা করা হয়। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, খেলার সুনাম ক্ষুণ্ন করে এমন আচরণের জন্য বিসিসিআই এখানে ২.২১ অনুচ্ছেদও বিবেচনায় নিয়েছে। কারণ, জনসমক্ষে এমন অসদাচরণ ও উচ্ছৃঙ্খল আচরণ খেলার জন্য ক্ষতিকর। তাছাড়া ভারতে ২০১৯ সালের আইন অনুযায়ী ই-সিগারেট বা ভ্যাপ উৎপাদন, বিক্রি, কেনাবেচা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ।

বিসিসিআই এবং রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টের পক্ষ থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে পরাগকে এই বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হয়। তার সামনে শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকলেও আপিল করলে তাকে আনুষ্ঠানিক অনুসন্ধানের মধ্য দিয়ে যেতে হতো। তবে রাজস্থানের এ ব্যাটিং অলরাউন্ডার কোনো আপিলে না গিয়ে ইতোমধ্যে নিজের দোষ ও শাস্তি মেনে নিয়েছেন। এমনিতেই অধিনায়কত্ব নিয়ে চরম সমালোচনার মুখে রয়েছেন রিয়ান পরাগ। তার ওপর ব্যাট হাতে ৯ ম্যাচে মাত্র ১১৭ রান করার হতাশাজনক পারফরম্যান্সের মাঝে ই-সিগারেট বিতর্ক তার জন্য নতুন এক অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো।

/এমএকে/