ইয়েমেনের গ্রামে সৌদি আরবের বিমান হামলা, নিহত বেড়ে ৩৩

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইয়েমেনের গ্রামে সৌদি আরবের বিমান হামলা, নিহত বেড়ে ৩৩
সৌদি আরবের বিমান হামলায় ধ্বংস হওয়া ইয়েমেনের একটি ভবনে উদ্ধার অভিযান

ইয়েমেনের রাজধানী সানার একটি গ্রামে সৌদি আরবের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে। এছাড়া আরও অন্তত ৩৯ জন আহত হয়েছেন।

রবিবার (৮ নভেম্বর) আল জাজিরার লাইভ সম্প্রচারে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল শনিবার সকালে ওই প্রাণঘাতী হামলা চালায় সৌদি আরবরে বিমানবাহিনী।

হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আল-শারিয়াহ গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে।

গ্রামটি রাজধানী সানার পূর্বে বানি হাশিশ জেলায় অবস্থিত।

এর আগে গত শুক্রবার ইয়েমেনের তাইজের একটি বাজারে সৌদির বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হন বলে জানায় হুথি বিদ্রোহীরা। তবে পরবর্তীতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দাবি করে, ওই বাজারে হুথিরা মিসাইল ছুড়েছে।

হামলার শিকার বাজারটির অবস্থান তাইজের আল-ওয়াজিয়া শহরে। এ শহরটি হুথিদের নিয়ন্ত্রণাধীন।

আলাসবাহি বলেন, শনিবারের একাধিক বিমান হামলায় বাড়িঘর, রাস্তাঘাট, প্যারামেডিক ও বেসামরিক প্রতিরক্ষা দলগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

তবে এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/