হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ ভবন ক্ষতিগ্রস্ত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ ভবন ক্ষতিগ্রস্ত
রিয়াদের পিআইএফ টাওয়ার। ছবি: এনবিসি নিউজ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবন ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ার’। রাষ্ট্রায়ত্ত আর্থিক তহবিল ‘সোভেরেইন ওয়েলথ ফান্ড’-এর প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত ভবনটির সাত থেকে আটটি তলার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে এবং ধাতব কাঠামোর কিছু অংশ বেঁকে গেছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) হামলার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে ভবনটির নাম সরাসরি লেখা না হলেও প্রকাশিত ছবিতে পিআইএফ টাওয়ারই দেখা গেছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ‘কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট’ এলাকার ভবনটিতে হামলার ফলে আশপাশের আরও কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

হামলার দায় স্বীকার করে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতি দিয়েছে হুথি গোষ্ঠী। তাদের দাবি, রিয়াদের টাওয়ারটি লক্ষ্য করে মোট দুবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। একই দিনে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমান ঘাঁটি এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ জুবাইলের সাদাফ পেট্রোকেমিক্যাল কোম্পানিতেও হামলা চালানোর কথা জানিয়েছে তারা। অবশ্য রিয়াদের পক্ষ থেকে এসব স্থাপনায় হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে ৮ নভেম্বর সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় আঘাত হেনেছিল ইরান-সমর্থিত গোষ্ঠীটি। দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি স্থাপনায় হামলার ঘটনা ঘটল। মূলত সেপ্টেম্বর থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার ও সৌদি আরবের সঙ্গে হুথিদের নতুন করে উত্তেজনা শুরু হয়। এরপর থেকেই সৌদির তেল স্থাপনা ও বিমানবন্দরগুলোতে নিয়মিত হামলা চালাচ্ছে বিদ্রোহীরা।

পাল্টা জবাব হিসেবে ইয়েমেনের ভেতরে সরকারি বাহিনীকে সঙ্গে নিয়ে হুথিবিরোধী অভিযান চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। হুথি-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবাহ জানিয়েছে, বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা স্পষ্ট করেনি।

বিশ্লেষকরা মনে করছেন, এ নতুন সংঘাত সৌদি প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী অর্থনৈতিক সংস্কার ও তেলের ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা দিচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই বুধবার (১৮ নভেম্বর) রিয়াদে ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। ইয়েমেন সংঘাত নতুন করে শুরু হওয়ার পর এটি সৌদি আরবে তার তৃতীয় প্রকাশ্য সফর।

রিয়াদের যুদ্ধপরিকল্পনা সম্পর্কে জানেন এমন দুজন মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষ ধারণা করছে চলমান সংঘাত আরও অন্তত ছয় মাস স্থায়ী হতে পারে। সৌদি পরিকল্পনার সঙ্গে যুক্ত তৃতীয় একটি সূত্রও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

সূত্র: এনবিসি নিউজ

/এমএকে/