হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের

সিটিজেন জার্নাল
সিটিজেন জার্নাল
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের
হরমুজ প্রণালিতে জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরু এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে ৭টি শর্ত দিয়েছে ইরান। ওয়াশিংটনকে এসব শর্ত মানতে হবে। শর্তগুলো পূরণ না হলে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং শান্তি আলোচনা শুরুর বিষয়ে অগ্রগতি সম্ভব না বলেও জানিয়েছে তেহরান।

ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি জানিয়েছেন, গত সেপ্টেম্বরেই তেহরান এসব শর্তের কথা জানিয়েছিল। তবে তখন তিনি শর্তের বিস্তারিত প্রকাশ করেননি।

শনিবার (৩১ অক্টোবর) এ বিষয়ে আরও বিস্তারিত তুলে ধরেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার বক্তব্য অনুযায়ী, ইরানের ৭টি শর্ত হলো-

  1. গত জুলাইয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) ভেঙে যাওয়ার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেগুলো তুলে নিতে হবে।

  1. মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি কমাতে হবে।

  1. ইসলামাবাদ সমঝোতার অংশ হিসেবে ইরানের তেল রপ্তানিতে যেসব ছাড় দেওয়া হয়েছিল, সেগুলো আবার চালু করতে হবে।

  1. বিদেশে আটকে থাকা ইরানের সব জব্দ করা অর্থ ছাড় করতে হবে। এর মধ্যে কাতারে থাকা অর্থও অন্তর্ভুক্ত।

  1. ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালিতে যে নতুন জাহাজ চলাচলের পথ নির্ধারণ করেছে, সেটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে। একইসঙ্গে অন্য সব নৌপথ বন্ধ করতে হবে।

  1. মধ্যপ্রাচ্যের সব সংঘাতের অবসান ঘটাতে হবে। বিশেষ করে লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে হবে।

  1. গত সেপ্টেম্বরে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি আরও কয়েকটি দাবি জানিয়েছিলেন। এর মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ বন্ধ করা। বিশেষ করে ইরানের বিপ্লববিরোধীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বন্ধের দাবি জানান তিনি।

এদিকে ইরানের এসব দাবি ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা এবং হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, মার্কিন সামরিক উপস্থিতি কমানো এবং হরমুজে নতুন নৌপথের স্বীকৃতির মতো বিষয়গুলো যুক্তরাষ্ট্র মানবে না বলে মনে করছেন তারা।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/