ধান্দাবাজরা পোশাকশিল্প ধ্বংসের পায়তারা করছে: জামায়াত আমির

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ধান্দাবাজরা পোশাকশিল্প ধ্বংসের পায়তারা করছে: জামায়াত আমির
ডা. শফিকুর রহমান

দেশের তৈরি পোশাক শিল্পের চলমান পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে বলে মনে করছেন তিনি। এ ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (২ নভেম্বর) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এ আহ্বান জানান।

পোস্টটি সিটিজেন জার্নাল পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা বিশ্বাস করি, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না।

ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে বলে মনে হয়। এ ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

ইতিমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুমকে সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা ধ্বংস করার জন্য গভীর কোনো ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এ ক্ষেত্রে মালিক-শ্রমিকসহ সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

/জেএইচ/