মিষ্টির আসনে এমপি হলেন বিএনপির এলিজা জামান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মিষ্টির আসনে এমপি হলেন বিএনপির এলিজা জামান
এলিজা জামান

সংরক্ষিত মহিলা আসনের (মহিলা আসন-২৩) উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান। সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব ও রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইন অনুযায়ী এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট প্রকাশের পরই শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে তা পাঠানো হবে।

এক বিজ্ঞপ্তি ইসি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩ সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন। দাখিলকৃত মনোনয়নপত্র পূর্বঘোষিত সময়সূচি অনুসারে বাছাইপূর্বক এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এতে আরও বলা হয়, ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় রবিবার (১ নভেম্বর) বিকাল ৪টার মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ১২ এর উপধারা (১) অনুসারে চূড়ান্ত তালিকায় এলিজা জামানের নাম প্রকাশ করা হলো।

জানা গেছে, মহিলা আসন ২৩- এ আগামী ১২ নভেম্বর ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে অন্য কোনো প্রার্থী না থাকায় সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করা হলো।

প্রসঙ্গত, ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে ১২ অক্টোবর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এ উপ নির্বাচনে এলিজা জামানকে মনোনয়ন দেয় বিএনপি।

/এফআর/