কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩, আহত ১৬

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩, আহত ১৬
কলম্বিয়ার সেনাবাহিনীর সদস্যরা

কলম্বিয়ার উত্তরাঞ্চলের সান্তা রোসা দেল সুর শহরের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত তিনজন সেনা সদস্য নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) দেশটির সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সান লুকাস পর্বতশ্রেণীর পাদদেশে অবস্থিত ঘাঁটিটিতে পরপর তিনটি বিস্ফোরণ ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং প্রাণ বাঁচাতে সৈন্যরা বালির বস্তার আড়ালে আশ্রয় নিচ্ছেন।

হামলার পর এক্সে দেওয়া বার্তায় রাষ্ট্রপতি আবেলার্দো দে লা এসপ্রিয়েলা বলেছেন, যারা এ হামলার পেছনে আছে তাদের লুকানোর কোনো জায়গা থাকবে না। আমাদের সৈন্যদের ওপর প্রতিটি হামলা কলম্বিয়াকে রক্ষা করার জন্য আমাদের সংকল্পকে আরও দৃঢ় করে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে স্বর্ণখনি সমৃদ্ধ সান্তা রোসা দেল সুর অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে বিদ্রোহী দল গালফ ক্ল্যান, ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এবং বিলুপ্ত ফার্ক (FARC)-এর সাবেক সদস্যদের মধ্যে সংঘর্ষ চলছে।

আগস্টে রক্ষণশীল রাষ্ট্রপতি দে লা এসপ্রিয়েলা ক্ষমতায় আসার পর থেকেই বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে শান্তি আলোচনা বাতিল করে বিমান হামলা ও বাড়তি সেনা মোতায়েনের কঠোর নীতি গ্রহণ করেন। ফলে দেশের গ্রামীণ এলাকাগুলোতে সহিংসতা বহুগুণ বেড়ে গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন শহরেও একই ধরনের বোমা ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/