শিরোনাম

রাজস্থানে চলন্ত ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক
রাজস্থানে চলন্ত ট্রেনে আগুন

ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (১৭ মে) ভোর প্রায় সাড়ে ৫টার দিকে রাজধানী এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনা কেউ হতাহত হননি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,ভোর ৫টা ১৫ মিনিটে কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে ট্রেনটিতে আগুন ধরে যায়। বগিটি অন্য বগি থেকে বিচ্ছিন্ন এবং এটির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। বি-১ নামের ওই বগিতে ৬৮ জন যাত্রী ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আগুন লাগা বগি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। এ সময় কয়েকটি গাছেও আগুন লাগে।

এর আগে, শুক্রবার (১৫ মে) রাজধানী এক্সপ্রেস ট্রেনটি কেরালার থিরুভানানথাপুরাম থেকে দিল্লির নিজামুদ্দিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আগুন লাগার আগে ট্রেনটি ২ হাজার ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন এটি রাজধানী দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল।

/এসবি/