শিরোনাম

আন্দোলনের মধ্যেই প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদি

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
আন্দোলনের মধ্যেই প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদি
এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী মোদী (বাম থেকে তৃতীয়)। ছবি: এনডিটিভি

নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত করার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ করা শুধু সরকারের নয়, পুরো জাতির দায়িত্ব বলেও জোর দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকের পর কেন্দ্রীয় সংসদ-বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি নির্ভুল ও নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

রিজিজু বলেন, ‘তিনি এনডিএ জোটের শরিকদের আইন প্রণয়ন কার্যক্রমে ঐক্যবদ্ধ থাকার এবং বিরোধী দলগুলোকে সংসদে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের ভবিষ্যৎ ও যুবসমাজের কল্যাণে কাজ করা সব সংসদ সদস্যের যৌথ দায়িত্ব।

সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) মিছিলে শত শত বিক্ষোভকারীকে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার একদিন পর দেশটির প্রধানমন্ত্রীর এই মন্তব্য এলো।

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিছু বেকার যুবককে ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করার পর মে মাসে ব্যঙ্গাত্মক ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) গঠন করা হয়। তাদের নেতৃত্বে ছাত্রছাত্রীরা নিট প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কথিত অনিয়মের জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে।

ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট (নিট) ভারতের অন্যতম প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা। যেখানে বিশ লাখেরও বেশি ডাক্তার হতে ইচ্ছুক শিক্ষার্থী অংশ নেয়। প্রশ্নপত্র আগেভাগে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগের পর মে মাসে পরীক্ষাটি বাতিল করা হয়েছিল। গত মাসের শেষের দিকে পুনরায় পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

নিট বিতর্কের পাশাপাশি কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের (সিবিএসই) প্রায় ২০ লাখ শিক্ষার্থীর পরীক্ষার অনলাইন মূল্যায়ন পদ্ধতি নিয়েও বিতর্ক তৈরি হয়। অনেক শিক্ষার্থী অভিযোগ করেন, ভুল নম্বর দেওয়া হয়েছে অথবা অন্য শিক্ষার্থীর নামে ফল প্রকাশ করা হয়েছে।

এদিকে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশন করেন মানবাধিকারকর্মী সোনম ওয়াংচুক। দীর্ঘ ২১ দিন পর গত শনিবার তাকে জোরপূর্বক হাসপাতালে নেওয়া হয়। পরে সোমবার তিনি ঘোষণা দেন, শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যেভাবে কঠোর আচরণ করা হচ্ছে তার প্রতিবাদে হাসপাতালে থেকেই তিনি আবার অনশন শুরু করবেন।

তবে সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে এক জনসভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিক্ষোভকারীদের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

সূত্র: এনডিটিভি

/জেএইচ/