তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রির ঘরে তাপমাত্রা

পঞ্চগড় সংবাদদাতা
পঞ্চগড় সংবাদদাতা
তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রির ঘরে তাপমাত্রা
শীত। ছবি: সংগৃহীত

শীত আসার আগেই হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কমতে শুরু করেছে তাপমাত্রা। উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশার সঙ্গে বাড়ছে শীতের আমেজও। সেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয় এ তাপমাত্রা রেকর্ড করে। গতকাল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সকালে জেলার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা ভেদ করে সূর্যের আলো ছড়িয়ে পড়তে দেখা গেছে। সেইসঙ্গে বাতাসে তীব্র শীত অনুভূত হয়। ভোর থেকেই শীতের আমেজ উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়েছেন দিনমজুর, পাথর ও চা শ্রমিক, ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই শীত বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে উত্তরী বাতাসে শীত অনুভূতি আরও তীব্র হয়। তবে রোদের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা আবার কমে যায়। এদিকে দিনে তুলনামূলক গরম এবং রাতে ঠান্ডা- এমন আবহাওয়ার কারণে শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এসব রোগে আক্রান্ত হয়ে অনেকেই উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি বাড়তে পারে।

/জেএইচ/