কিশোরীকে চুমু: কলকাতায় নগ্ন করে রাস্তায় হাঁটানো হলো ৩ জনকে

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
কিশোরীকে চুমু: কলকাতায় নগ্ন করে রাস্তায় হাঁটানো হলো ৩ জনকে

কলকাতার সরশুনা এলাকায় এক কিশোরীকে চুম্বনের অভিযোগে কিশোরীর পরিবারের সদস্যরা চুম্বনকারী তরুণ, তার বন্ধু এবং তরুণের বাবাকেও নগ্ন করে রাস্তায় হাঁটতে বাধ্য করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যার এ ঘটনায় ইতোমধ্যেই ৩ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।

ঘটনার সূত্রপাত সরগুনার খালপাড় মাঠে। সেখানে ১৮ বছরের এক তরুণ ১৩ বছরের এক কিশোরীর সঙ্গে দেখা করতে যান, সঙ্গে ছিলেন তার ১৯ বছরের এক বন্ধুও। কথা বলার একপর্যায়ে ও তরুণ কিশোরীকে চুম্বন করেন। দূর থেকে সেই দৃশ্য দেখে ফেলেন কিশোরীর এক মামার পরিচিত। তিনি সঙ্গে সঙ্গে খবর দেন কিশোরীর বাবা প্রদীপ সরকার এবং মামা রাহুল বর্মনকে।

অভিযোগ, কিশোরীর বাবা ও মামা ওই দুই তরুণকে ধরে তাদের ক্ষুদিরামপল্লির বাড়িতে নিয়ে যান। সেখানে মামার ফোনের সূত্রে আরও কয়েকজন বন্ধু যোগ দেয়। ঘরের ভেতরে দুজনকে দীর্ঘক্ষণ ধরে দফায় দফায় মারধর ও হেনস্থা করা হয়। খবর পেয়ে সেখানে ছুটে আসেন অভিযুক্ত তরুণের বাবা। অভিযোগ উঠেছে, এরপর তিনজনের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের জোর করে বিবস্ত্র করা হয়। শুধু তাই নয়, রাতের অন্ধকারে বাড়ির সামনের ব্যস্ত রাস্তায় তাদের সম্পূর্ণ নগ্ন করে প্রায় ৫০ মিটার হাঁটতেও বাধ্য করা হয়। রেহাই পাননি তরুণের বাবাও।

সোমবার (২৬ অক্টোবর) তরুণের বাবার করা লিখিত অভিযোগের ভিত্তিতে সরশুনা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অস্ত্র আইনের ধারাও। পুলিশ এ ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ সরকার, রাহুল বর্মন এবং কিশোরীর মা রিঙ্কু সরকারকে গ্রেপ্তার করেছে। এফআইআরে নাম থাকা এ তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি বাকি অভিযুক্তদের বিষয়েও তল্লাশি করছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার

/এমএকে/