পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলছে

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলছে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মোট ২৯৪টি আসনের বিপরীতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দুই ধাপে।

আজ প্রথম দফায় রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে। বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় শুরু হওয়া এ ভোট প্রক্রিয়া চলবে বিরতিহীনভাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আজকের এই দফায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার ছাড়াও দুই দিনাজপুর, মালদহ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

প্রথম দফায় ভোটের ১৫২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থী, যদিও প্রাথমিক পর্যায়ে ১ হাজার ৫২৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। তথ্য অনুযায়ী, কোচবিহার দক্ষিণ ও ইটাহার আসনে সর্বোচ্চ ১৫ জন করে প্রার্থী নির্বাচনি লড়াইয়ে অংশ নিচ্ছেন। নির্বাচনি সূচি অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ৪ মে ভোট গণনা শেষে নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

সূত্র: এনডিটিভি

/এমএকে/