প্রেমের ফাঁদ

ভারতীয় নৌসেনার থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিলো পাকিস্তানি নারী গোয়েন্দা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারতীয় নৌসেনার থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিলো পাকিস্তানি নারী গোয়েন্দা
ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে ভারতীয় নৌবাহিনীর স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিয়েছে এক পাকিস্তানি নারী গোয়েন্দা। সামরিক তথ্য ফাঁসের অভিযোগে প্রদীপ মুখার্জি নামের এক ভারতীয় নৌসেনাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (৩ অক্টোবর) তামিলনাড়ুর নৌবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র ‘আইএনএস অগ্রণী’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সরকারি সূত্রের বরাতে সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য নিশ্চিত করেছে।

তদন্ত সূত্রে জানা গেছে, ৩১ বছর বয়সী প্রদীপ মুখার্জি পশ্চিমবঙ্গের বাসিন্দা। তিনি ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। তিনি দীর্ঘদিন ধরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে পূর্বাঞ্চলীয় নৌ কমান্ডে কর্মরত ছিলেন। সম্প্রতি একটি কোর্সে অংশ নিতে তিনি তামিলনাড়ু যান এবং প্রায় এক সপ্তাহ ধরে ও কেন্দ্রে অবস্থান করছিলেন। সেখান থেকেই সিআই সেলের জালে ধরা পড়েন তিনি।

গোয়েন্দারা জানান, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পাকিস্তানি নারী গোয়েন্দা প্রদীপের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্কের সুযোগ নিয়ে ওই নারী সেনাসদস্যের কাছ থেকে বেশ কিছু অত্যন্ত সংবেদনশীল তথ্য হাতিয়ে নেন। এর মধ্যে বঙ্গোপসাগরের কৌশলগত নৌ সম্পদ, যুদ্ধজাহাজের যাতায়াত ও অবস্থান এবং বিশাখাপত্তনম ঘাটির ভেতরের পরিচালনা কাঠামোর তথ্য ছিল।

সীমান্তপার গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসী হুমকি তদন্তে বিশেষায়িত সংস্থা সিআই সেল প্রদীপের ডিজিটাল কর্মকাণ্ডে অনাকাঙ্ক্ষিত কিছু লক্ষ্য করে তদন্তে নামে। কিছু দিন তার ওপর কড়া নজরদারির পর সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই গোয়েন্দার হাতে প্রদীপ ঠিক কতখানি সামরিক তথ্য তুলে দিয়েছেন এবং এ কাজের বিনিময়ে কোনো আর্থিক সুবিধা নিয়েছেন কি না তা গভীরভাবে খতিয়ে দেখছেন অন্ধ্র পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের তদন্তকারীরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএকে/