দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির ৩ আদালতের দ্বারস্থ যুক্তরাষ্ট্র

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির ৩ আদালতের দ্বারস্থ যুক্তরাষ্ট্র
অজিত দোভাল (বাঁয়ে) ও গুরপতবন্ত সিং পান্নুন (ডানে)

খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ছক কষার অভিযোগে দায়ের করা মামলায় এবার নতুন মোড় নিয়েছে। এ মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন পৌঁছে দিতে দিল্লির ৩টি জেলা আদালতের সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

১৩ নভেম্বর নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ক্যাথরিন পোল্ক ফাইল্লা এ আদেশ দেন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, অজিত দোভালের কাছে সমন পাঠাতে দিল্লির পাতিয়ালা হাউস আদালতের সাহায্য চাওয়া হয়েছে। অন্যদিকে, সামন্ত গোয়েলের জন্য দ্বারকা ও তিস হাজারি আদালতের দ্বারস্থ হয়েছে মার্কিন আদালত।

মূলত কূটনৈতিক চ্যানেল এবং ভারতের আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এর আগে সমন পাঠানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই উদ্যোগ সফল না হওয়ায় আন্তর্জাতিক ‘হেগ কনভেনশন’ এবং ভারতের নিজস্ব দেওয়ানি কার্যবিধি অনুসরণ করে এ বিকল্প আইনি পথে হাঁটল নিউইয়র্কের আদালত।

মামলার নথিপত্র ঘেঁটে দেখা যায়, যুক্তরাষ্ট্রে বসবাসরত আইনজীবী গুরপতবন্ত সিং পান্নুন ২০২৪ সালে ক্ষতিপূরণ চেয়ে এ দেওয়ানি মামলাটি করেন। ভারত সরকারের চোখে তিনি সন্ত্রাসবাদে অভিযুক্ত একজন ব্যক্তি। মামলার নথিতে আরও একটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে অজিত দোভাল যখন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন, তখন তাকে সরাসরি সমন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তার নিরাপত্তারক্ষীদের বাধার কারণে সে যাত্রায় তা সম্ভব হয়নি। অবশ্য শুরু থেকেই নয়াদিল্লি এসব অভিযোগ নাকচ করে আসছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পান্নুনের আনা এসব অভিযোগ পুরোপুরি ‘মনগড়া ও ভিত্তিহীন’।

এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি, যুক্তরাষ্ট্রে পান্নুন হত্যাচেষ্টার ঘটনায় যে ফৌজদারি মামলা চলছে, এ দেওয়ানি মামলাটি তার চেয়ে সম্পূর্ণ আলাদা। এমনকি এ মামলায় মার্কিন সরকার নিজে কোনো পক্ষ নয়। তাছাড়া আদালত থেকে সমন জারির এ প্রক্রিয়া শুরু হওয়া মানেই যে পান্নুনের তোলা অভিযোগগুলো সত্য বলে প্রমাণিত হয়ে গেছে, বিষয়টি মোটেও তেমন নয়।

সূত্র: টেলিগ্রাফ

/এমএকে/