মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আজ যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার। লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং অনেকের আহত ও পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়। তাদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে।

তিনি বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজেও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাকে আন্দোলিত করে।২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়েছিল, যা সময়োপযোগী সিদ্ধান্ত ছিলো।

তারেক রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সাহসে অর্জিত স্বাধীন বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, সময়ের নিয়মে বীর মুক্তিযোদ্ধাদের অনেকে আজ বয়সের ভারে ক্লান্ত। জীবনসয়াহ্নে এসে তাদের এখনো চোখে স্বাধীনতার সেই দীপ্তি জ্বলজ্বল করছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করে আসছে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ।

সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী।

/এসবি/