শিরোনাম

স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে বোমা আতঙ্ক

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে বোমা আতঙ্ক
ভারতে দিল্লির লালকেল্লার সামনে নিরাপত্তা বাহিনী মোতায়েন

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক আগের দিন রাজধানী দিল্লিতে বড় ধরনের বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৪ আগস্ট) শহরের গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে একযোগে বোমা হামলার হুমকি পাওয়ার পর রাতারাতি জরুরি তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। ‘খালিস্তান’ নামে পাঠানো এক ইমেইলে এ হামলার পরিকল্পনার কথা জানানো হয়।

দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ছিল এ হুমকির নিশানায়। যার মধ্যে রয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনাল, সাকেতের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়, দিল্লি ক্যান্টনমেন্টের মহকুমা ম্যাজিস্ট্রেটের কার্যালয়, জামনগর হাউস এবং ঝান্ডেওয়ালান ফ্যাক্টরি কমপ্লেক্স। খবর পাওয়ার পরপরই প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের গাড়ি ও বিশেষ নিরাপত্তা টিম পাঠানো হয়। তবে পুরো এলাকা জুড়ে ব্যাপক অনুসন্ধানের পরও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

শনিবার (১৫ আগস্ট) ঐতিহ্যবাহী লালকেল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এ মহাসমারোহকে কেন্দ্র করে পুরো দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে। কিন্তু এর মধ্যেই একের পর এক ভুয়া হুমকির ঘটনা নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগ বাড়াচ্ছে।

এর আগে ৩ আগস্ট দিল্লির মেয়রের কার্যালয়ে পাঠানো এক ইমেলেও শনিবার (১৫ আগস্ট) লালকেল্লায় সিরিজ বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। পরে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ দল পুরো চত্বরে তল্লাশি চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করে। তার আগে, ১১ জুলাই মুম্বাই পুলিশের মাধ্যমে আসা একটি ভুয়া ফোনকলের জেরেও লালকেল্লা এলাকায় বড় মাপের নিরাপত্তা অভিযান চালাতে হয়েছিল।

শনিবারের প্রধান অনুষ্ঠানে বিশাল জনসমাগমের কথা মাথায় রেখে রাজধানীর প্রতিটি প্রবেশপথ ও স্পর্শকাতর এলাকায় নজরদারি দ্বিগুণ করা হয়েছে। একই সঙ্গে শহরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচলেও বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সূত্র: ন্যাশনাল হেরাল্ড

/এমএকে/