শিরোনাম

ভারতে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক ওয়াংচুকের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারতে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক ওয়াংচুকের
বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক

ভারতের রাজনৈতিক ব্যবস্থা ও নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের লক্ষ্যে এক অভূতপূর্ব ডাক দিয়েছেন বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। দেশ গঠনে সৎ, সাহসী ও নিঃস্বার্থ মানুষদের সামনে নিয়ে আসতে তিনি দেশবাসীকে ‘ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’-এ শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষ উদযাপনের আগে ভারতকে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখতে হলে রাজনৈতিক নেতা নির্বাচনের প্রক্রিয়ায় ‘শান্তিপূর্ণ বিপ্লব’ গড়ে তোলা অপরিহার্য।

এ বার্তার মূল কারণ ব্যাখ্যা করতে গিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরেন ওয়াংচুক। তিনি জানান, বর্তমানে ভারতের প্রায় অর্ধেক সংসদ সদস্যের বিরুদ্ধেই ফৌজদারি মামলা ঝুলছে। আরও আশঙ্কাজনক বিষয় হলো, তাদের এক-তৃতীয়াংশ জনপ্রতিনিধি হত্যা, ধর্ষণ ও অপহরণের মতো গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত। রাজনীতির এ বিষাক্ত রূপ দেশের মানুষের মনে তীব্র আস্থার সংকট তৈরি করছে বলে মনে করেন তিনি। এ পরিস্থিতি বদলাতে প্রতিটি অঞ্চলের নাগরিকদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। তাদের জানাশোনা অন্তত একজন চরিত্রবান, নির্ভীক ও নিঃস্বার্থ ব্যক্তির নাম প্রস্তাব করতে বলেন তিনি।

লাদাখে অবস্থানরত এ সমাজকর্মী স্বীকার করেন, এ দেশের কোথায় সত্যিকারের ভালো মানুষরা আছেন তা একা তার পক্ষে খুঁজে বের করা সম্ভব নয়। তাই তিনি দেশজুড়ে ছড়িয়ে থাকা সেরা চিন্তাবিদ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা চেয়েছেন। তিনি জানান, দেশ পুনর্গঠনের এ আলোচনা যেন কেবল বুদ্ধিজীবীদের আড্ডাতেই সীমাবদ্ধ না থাকে। রাজনৈতিক সংস্কারে অবদান রাখতে সক্ষম সাহসী ও নিঃস্বার্থ নারীদেরও সক্রিয়ভাবে যুক্ত হতে হবে।

রাজনৈতিক কাঠামোগত পরিবর্তনের এ উদ্যোগের পাশাপাশি সোনম ওয়াংচুককে তরুণ ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনেও গভীরভাবে সোচ্চার দেখা গেছে। সম্প্রতি ঝাড়খণ্ডের রাঁচিতে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে অনিয়মের অভিযোগে আন্দোলনরত ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতোর সঙ্গে কথা বলেন তিনি। ওয়াংচুকের আশ্বাস ও আন্দোলনের প্রতি সমর্থন পেয়ে মাহাতো অনশন ভাঙতে সম্মত হন। এর আগে জুন মাসেও দিল্লির যন্তর মন্তরে পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে শিক্ষার্থীদের অনশন কর্মসূচিতে অংশ নিয়ে রাজপথে নেমেছিলেন এ সমাজকর্মী।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএকে/