ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’
ঘূর্ণিঝড়। প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের পূর্ব উপকূলে আঘাত হেনেছে। শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে এটি মধ্য ওডিশার গোপালুপর এলাকায় আঘাত হানে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে ওডিশা-সংলগ্ন এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। তবে প্রবল ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠে আসার সময় এর গতিবেগ কমে যায়। পরে এটি ওডিশার গোপালপুর এলাকা অতিক্রম করতে শুরু করে। ঝড়টি আগামী তিন ঘণ্টা ধরে উপকূল অতিক্রম করতে পারে।

এর আগে ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছিলো, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগোচ্ছে। বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে।

অন্যদিকে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাংলাদেশের ৮ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

/জেএইচ/