বৈশ্বিক ভূ-রাজনীতিতে ভারত এখন ‘পার্শ্বচরিত্র’: রাহুল গান্ধী

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বৈশ্বিক ভূ-রাজনীতিতে ভারত এখন ‘পার্শ্বচরিত্র’: রাহুল গান্ধী
কংগ্রেস নেতা রাহুল গান্ধী

বৈশ্বিক ভূ-রাজনীতিতে ভারতের অবস্থান নিয়ে মন্তব্য করে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। পাকিস্তান যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মতো দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রাখছে, তখন ভারত স্বাধীনভাবে বৈশ্বিক আলোচনাকে প্রভাবিত করার ক্ষমতা হারাচ্ছে বলে দাবি করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

বক্তব্যে গান্ধী বলেন, ভারতের পররাষ্ট্রনীতিতে বরাবরই নিজস্ব স্বতন্ত্রতা ও কৌশলগত ভারসাম্য ছিল। তার কথায়, ভূ-রাজনীতি সম্পর্কে ভারতের বরাবরই একটি অত্যন্ত পরিশীলিত ধারণা ছিল। আমাদের অংশীদারিত্ব ছিল, সম্পর্কও ছিল, কিন্তু আমাদের নিজস্ব চিন্তাভাবনাও ছিল। আয়তনের কারণে স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে ভারতের একটি প্রভাব রয়েছে এবং বৈশ্বিক আলোচনায় ভারতের সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত। কিন্তু সত্যি বলতে, ভারত এখন পার্শ্বচরিত্রে পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কূটনৈতিক কৌশলের সমালোচনা করে গান্ধী বলেন, কেবল ব্যক্তিগত সম্পর্কের ওপর ভিত্তি করে পররাষ্ট্রনীতি চলতে পারে না। বন্ধুত্বই মূল বিষয় নয় এবং ভূ-রাজনীতি এভাবে চলতে পারে না। বন্ধুত্ব নিয়ে কে মাথা ঘামায়? আপনি কি সত্যিই মনে করেন যে লোকটি আপনার বন্ধু বলেই ভূ-রাজনীতি কাজ করবে?

গান্ধীর এ মন্তব্যের বিরোধিতা করেছে বিজেপি। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তুলে বিজেপি মুখপাত্র সিআর কেশবন বলেন, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে পাকিস্তানের একজন উৎসাহী সমর্থক ও নির্লজ্জ প্রচারক মনে হচ্ছে এবং তার বেপরোয়া মন্তব্যগুলোই প্রমাণ করে যে বৈশ্বিক ভূ-রাজনীতি সম্পর্কে তিনি কতটা অজ্ঞ। কেশবনের দাবি, মোদির নেতৃত্বে ভারত এখন বিশ্বব্যাপী ঐকমত্য তৈরিতে ভূমিকা রাখছে এবং দেশের এ অগ্রগতি কংগ্রেস মেনে নিতে পারছে না ।

আরেক বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারিও সমালোচনা করে বলেন, রাহুল গান্ধী পাকিস্তান নিয়ে এত আচ্ছন্ন কেন! প্রতিটি বিশ্বমঞ্চে রাহুল একজন পাক ফ্যান বয়ের মতো আচরণ করেন! রাশিয়া-ইউক্রেন সংকট এবং ইরানের সঙ্গে ভারতের যোগাযোগের প্রসঙ্গ টেনে ভান্ডারি দাবি করেন, বিশ্বজুড়ে স্বীকৃতি পাচ্ছে ভারতই। পাশাপাশি ২৬/১১ মুম্বাই হামলার পর তৎকালীন ইউপিএ সরকারের অবস্থান এবং শারম-এল-শেখ যৌথ বিবৃতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তবে পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করেছেন গান্ধী। তার মতে, সীমান্তপারের সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা সম্ভব নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুযোগ আছে, কিন্তু একটি বড় সমস্যা হলো আমাদের দেশে পাকিস্তানের সন্ত্রাসবাদকে সমর্থন ও মদত দেওয়া। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। প্রতিরক্ষা সহযোগিতাসহ ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক রাখার পক্ষে মত দিলেও তিনি জোর দেন নিজস্ব স্বার্থের ওপর। গান্ধীর ভাষায়, ইসরায়েলের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে এবং আমরা তাদের কাছ থেকে অস্ত্র কিনি। কিন্তু আমরা দেড়শ কোটি জনসংখ্যার একটি দেশ, এবং আমাদের পররাষ্ট্রনীতি অন্যদের ভালোর ওপর ভিত্তি করে নয়, বরং আমাদের নিজেদের ভালোর ওপর ভিত্তি করে হওয়া উচিত।

সূত্র: এনডিটিভি

/এমএকে/