প্রতিরক্ষা সহযোগিতায় নতুন উদ্যোগ ভারত-জাপানের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
প্রতিরক্ষা সহযোগিতায় নতুন উদ্যোগ ভারত-জাপানের
প্রতিরক্ষা সহযোগিতায় নতুন উদ্যোগ নিয়েছে ভারত ও জাপান

প্রথমবারের মতো ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে তাজা গোলাবারুদ ব্যবহার করে মহড়া চালানোর উদ্যোগ নিয়েছে জাপানের প্রতিরক্ষা বাহিনী। এ মহড়ার অংশ হিসেবে ভূমি থেকে সমুদ্রের জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রশিক্ষণও নেবে তারা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাপানের রাজধানী টোকিওতে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের পর এ কথা জানানো হয়।

চতুর্থ ভারত-জাপান ‘টু প্লাস টু’ সংলাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জাপানের পক্ষে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি ও পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এ পরিকল্পনা বাস্তবে রূপ দিতে দুই দেশের প্রতিরক্ষা দপ্তর নিজেদের মধ্যে সমন্বয় আরও বাড়াবে।

আলোচনায় সমুদ্রের তলদেশের বিশেষায়িত প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র খাতে যৌথভাবে কাজ করার বিষয়টি গুরুত্ব পায়। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, সামুদ্রিক নিরাপত্তা নিয়ে সম্প্রতি যে সমঝোতা হয়েছে, তা মাঠপর্যায়ে কার্যকর করতে উভয় পক্ষই কাজ করবে। এ ছাড়া একে অপরের যুদ্ধজাহাজ মেরামতের অবকাঠামো ব্যবহার করা এবং সমুদ্রে পুঁতে রাখা মাইন খুঁজে বের করে তা নিষ্ক্রিয় করার সক্ষমতা বাড়ানোর বিষয়ে কথা বলেন মন্ত্রীরা। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের জন্য যৌথভাবে অত্যাধুনিক অ্যানটেনা তৈরির যে চুক্তি ঝুলে আছে, তা দ্রুত সই করার ব্যাপারেও আশা প্রকাশ করে দুই দেশ।

যৌথ বিবৃতিতে জানানো হয়, সামরিক মহড়ায় এখন থেকে চালকবিহীন বা মনুষ্যবিহীন প্রযুক্তি যুক্ত করা হবে এবং খুব অল্প সময়ের নোটিশে যৌথ অনুশীলনের ব্যবস্থা রাখা হবে। এর পাশাপাশি সমুদ্রের নিচ দিয়ে উচ্চগতির যোগাযোগব্যবস্থা গড়ে তোলা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সাইবার নিরাপত্তা এবং মহাকাশ গবেষণায় একে অপরকে সহযোগিতা করতে সম্মত হয়েছে টোকিও ও নয়াদিল্লি।

বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বিশ্বে চলমান দুটি বড় সংঘাতের প্রভাব দূরবর্তী অঞ্চল পর্যন্ত পৌঁছেছে। এ পরিস্থিতিতে বিশ্বাসযোগ্য অংশীদারত্বের গুরুত্ব বেড়েছে। যৌথ বিবৃতিতে নির্দিষ্ট কোনো দেশের নাম না নিলেও গায়ের জোরে বা একতরফাভাবে কোনো অঞ্চলের বিদ্যমান পরিস্থিতি বদলে দেওয়ার চেষ্টার কড়া বিরোধিতা করা হয়েছে। সেই সঙ্গে হুটহাট রপ্তানি নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া এবং বিশ্বজুড়ে পণ্য সরবরাহ ব্যবস্থা বাধাপ্রাপ্ত হয় এমন বাণিজ্যনীতির বিষয়েও উদ্বেগ জানায় দুই দেশ। পাশাপাশি সীমান্তপারের সন্ত্রাসসহ সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে জাতিসংঘের কালোতালিকাভুক্ত জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। দুই দেশের পরবর্তী ‘টু প্লাস টু’ বৈঠকটি ভারতে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: দ্য হিন্দু

/এমএকে/