দিল্লির বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক ধ্রুব রাঠি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
দিল্লির বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক ধ্রুব রাঠি
ধ্রুব রাঠি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল দিল্লিসহ একাধিক শহর। এরই অংশ হিসেবে আজ ‘চলো দিল্লি’ আন্দোলনের ডাক দেয় তরুণদের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) গুরগাঁওয়ের সেক্টর ৫৬ নম্বরে পারিবারিক বাড়ি থেকে তাকে আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তিনি স্ত্রীর সঙ্গে জার্মানিতে থাকেন। তবে গণতান্ত্রি বাঁচানোর লড়াইয়ে অংশ নিতে দেশে এসে পরিবারের সঙ্গে নিজ বাড়িতে ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে সিজেপির ডাকা বিক্ষোভে অংশ নেওয়ার উদ্দেশ্যে ধ্রুব রাঠি সেখানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে এর আগেই তাকে আটক করে পুলিশ।

প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার সকাল প্রায় ৭টা ৪৮ মিনিটে দিল্লি পুলিশের একটি দল তার বাড়িতে প্রবেশ করে। সেই সময় ধ্রুব রাঠির মা দরজা খুলে দেন। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে তার বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশকর্মী জড়ো হয়েছিলেন।

তবে ধ্রুব রাঠিকে ঠিক কী কারণে আটক করা হয়েছে এবং তাকে কোথায় নিয়ে গেছে সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

প্রসঙ্গত, ধ্রুব রাঠি ভারতের সবেচেয় জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে অন্যতম। রাজনীতি, শিক্ষা, টেক, মোটিভেশনাল বক্তব্যসহ বিভিন্ন ইস্যু নিয়ে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করেন তিনি। ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনামূলক ভিডিও প্রকাশ করেছেন তিনি। এজন্য তার ওপর সরকারের ক্ষোভ ছিল। সর্বশেষ ভারতের জাতীয় নির্বাচনে তার একটি ভিডিও প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন রাজ্যে দেখানো হয়েছিল। ভিডিওতে তিনি বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গণতন্ত্রের জন্য হুমকি উল্লেখ করে বিভিন্ন যুক্তি দেন। তার ওই ভিডিও ভোটারদের ব্যাপক প্রভাবিত করেছিল বলে মনে করেন বিশ্লেষকরা।

/জেএইচ/