সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা
সচিবালয় ভবন ০৬

বাংলাদেশ সচিবালের অভ্যন্তরে যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৩ জন কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , সচিবালয় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ জন উপসচিবকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ক্ষমতা দেওয়া হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, সচিবালয় প্রায়ই বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, অনেক সময় সচিবালয় ঢুকে নানান অপরাধের জড়িয়ে পড়ছে কেউ কেউ। এছাড়া যেকোনো অপরাধ নির্মূলের জন্য মোবাইল কোর্ট এখন টিম নিয়ে কাজ করবে। 

  

প্রজ্ঞাপনে বলা হয়, ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত পরিচালনার আগে বিষয়টি সংশ্লিষ্ট জেলা প্রশাসককে অবগত করতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনে তার অধিক্ষেত্রে অন্যান্য সংস্থায় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি সমন্বয় করতে পারবেন। 

 

মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট মাসের শেষ কর্মদিবসে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট কাছে প্রতিবেদন পাঠাতে হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই ৩ কর্মকর্তাকে ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(৫) ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’-এর ৫ ধারা মোতাবেক তাদের নিজ নিজ নামের পাশে বর্ণিত আইনে, অধিক্ষেত্রে এবং নির্ধারিত শর্তসাপেক্ষে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়।  

ক্ষমতাপ্রাপ্ত ৩ কর্মকর্তা হলেন– স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. তোফায়েল হোসেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুর রহমান ও মোছা ফুয়ারা খাতুন। তারা সচিবালয় অধিক্ষেত্রে বর্তমান পদে থেকে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন।  

/এফসি/