শিরোনাম

সোনম ওয়াংচুকের খোঁজ নিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
সোনম ওয়াংচুকের খোঁজ নিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী
সোনম ওয়াংচুক ও তার স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। ছবি: টাইমস অব ইন্ডিয়া

হাসপাতালে চিকিৎসাধীন লাদাখের প্রখ্যাত পরিবেশ ও জনঅধিকার কর্মী সোনম ওয়াংচুকের খোঁজ নিয়েছেন ভারতের দুই কেন্দ্রীয় মন্ত্রী। মঙ্গলবার (২‌১ জুলাই) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ওয়াংচুককে দেখতে যান।

এর আগে দিল্লির সফদরজং হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর দিল্লি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে গুরুগ্রামের হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে নতুন হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে অভ্যন্তরীণ চিকিৎসা বিভাগের একজন জ্যেষ্ঠ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এবং চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।

হাসপাতালে পৌঁছে দুই মন্ত্রী শুধু ওয়াংচুকের সঙ্গেই দেখা করেননি, তার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। তবে এই সাক্ষাতে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই মন্ত্রীর এ আগমন নিছক সৌজন্যমূলক নয়। ওয়াংচুকের আন্দোলন ও সাম্প্রতিক পরিস্থিতির প্রতি কেন্দ্রীয় সরকারের বাড়তি গুরুত্বের ইঙ্গিত।

সোনম ওয়াংচুক দীর্ঘদিন ধরে লাদাখের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের সাংবিধানিক অধিকার আদায়ে সরব রয়েছেন। সম্প্রতি তার বিভিন্ন আন্দোলন দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেই প্রেক্ষাপটে তার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এবং কেন্দ্রীয় মন্ত্রীদের এ সাক্ষাৎ বিশেষ তাৎপর্য বহন করছে। এদিকে প্রিয় নেতার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন তার সমর্থকেরা, সবাই এখন তার দ্রুত সুস্থতার অপেক্ষায় রয়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএকে/