ইরান যুদ্ধ থেকে বের হতে ‘প্রতীকী জয়’ খুঁজছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরান যুদ্ধ থেকে বের হতে ‘প্রতীকী জয়’ খুঁজছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

ইরানের সঙ্গে চলমান সংঘাত বা যুদ্ধ থেকে পিছু হটার আগে একটি ‘প্রতীকী জয়’ অর্জনের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশের ভেতর নিজের নাগরিকদের সন্তুষ্ট করা এবং আন্তর্জাতিক অঙ্গনে মুখরক্ষা করতে এ সাফল্য অত্যন্ত জরুরি বলে মনে করছে ওয়াশিংটন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন আরব পারস্পেকটিভস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক জেইডন আলকিনানি।

তার মতে, ইসরায়েলকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র যখন যৌথ যুদ্ধ শুরু করেছিল, তখন দীর্ঘমেয়াদি পরিস্থিতি বা তথ্য সম্পর্কে ওয়াশিংটনের হাতে যথেষ্ট প্রস্তুতি ও অভিজ্ঞতা ছিল না। এখন মাঝপথে এসে কীভাবে এ যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসা যায়, সেই হিসাব-নিকাশ কষছে মার্কিন প্রশাসন।

এ প্রসঙ্গে আলকিনানি বলেন, ‘সমস্যা হলো, যুক্তরাষ্ট্র এমন একটি প্রতীকী বিজয় নিয়ে এ যুদ্ধ থেকে বের হতে চায়, যা তারা নিজেদের দেশের জনগণের কাছে তুলে ধরতে পারবে। একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছেও সেটি উপস্থাপন করতে চাইবে, কারণ যুক্তরাষ্ট্র নিজেকে মুক্ত বিশ্বের নেতা হিসেবে তুলে ধরে।’ কেবল সংঘাত থামানোই যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য নয়, বরং এই যুদ্ধকে নিজেদের রাজনৈতিক ও কূটনৈতিক সাফল্য হিসেবে দেখানোর একটা সুযোগ তারা খুঁজছে।

এদিকে ইরান সংকটের পাশাপাশি ফিলিস্তিন ইস্যু নিয়েও মার্কিন নীতির কঠোর সমালোচনা করেছেন এ বিশ্লেষক। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান অধিবেশনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা না দেওয়ার ঘটনাকে ওয়াশিংটনের রাজনৈতিক চাল হিসেবে দেখছেন তিনি।

তার মতে, ফিলিস্তিনি প্রশাসনের সঙ্গে মার্কিন প্রশাসনের কোনো সমন্বিত বোঝাপড়া নেই। জাতিসংঘের মতো আন্তর্জাতিক মঞ্চে যোগ দেওয়ার ক্ষেত্রে ভিসা ইস্যুকে ওয়াশিংটন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

এই বিষয়ে আলকিনানি আরও বলেন, ‘জাতিসংঘের ক্ষেত্রে ভিসা ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র কীভাবে ব্যবহার করছে, সেটি স্পষ্ট। বিশেষ করে এবারের সাধারণ পরিষদের অধিবেশনে বিষয়টি আরও পরিষ্কার। বিশ্বকাপের সময় আমরা যে ধরনের ঘটনা দেখেছি, এর সঙ্গে এর মিল রয়েছে।’ সার্বিক পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে, ইরান যুদ্ধ কিংবা জাতিসংঘে ফিলিস্তিন প্রেসিডেন্টের ভিসা জটিলতা- প্রতিটি ক্ষেত্রেই নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ ও প্রভাব বজায় রাখতে মরিয়া হয়ে উঠেছে মার্কিন প্রশাসন। আন্তর্জাতিক মহলে ওয়াশিংটনের এসব কৌশলগত পদক্ষেপ এখন গভীর পর্যবেক্ষণে রয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/