আর্থিক সংকটে আবারও কর্মী ছাঁটাই করছে বিবিসি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আর্থিক সংকটে আবারও কর্মী ছাঁটাই করছে বিবিসি
কর্মী ছাঁটাই করছে বিবিসি। ছবি: ইন্ডিপেন্ডেন্ট

তীব্র আর্থিক সংকটের মুখে বড় ধরনের ব্যয় সংকোচন নীতি হাতে নিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এ প্রক্রিয়ার অংশ হিসেবে শুধু ক্রীড়া বিভাগ থেকেই অন্তত ৪১টি পদ বিলুপ্ত করা হচ্ছে, যার জেরে চাকরি হারাতে পারেন অন্তত ৩৬ জন কর্মী।

ইন্ডিপেন্ডেন্টের একটি প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাই প্রক্রিয়া সহজ করতে কর্মীদের স্বেচ্ছায় অবসরের সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি, যাতে সর্বোচ্চসংখ্যক কর্মী নিজ উদ্যোগে চাকরি ছাড়তে পারেন। এ পদগুলো বাতিলের মাধ্যমে প্রায় ২৬ লাখ পাউন্ড সাশ্রয় হবে বলে আশা করছে বিবিসি।

শুধু ক্রীড়া বিভাগই নয়, আর্থিক চাপের কারণে এরই মধ্যে বেশ কিছু টেলিভিশন শো বন্ধ করা এবং উন্নয়নমূলক খরচ সীমিত করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংবাদমাধ্যমটি। ইন্ডিপেন্ডেন্টের হাতে আসা একটি অভ্যন্তরীণ স্মারক বলছে, বিবিসির চিফ কনটেন্ট অফিসার কেট ফিলিপস ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে কমিশন বাজেট থেকে অন্তত ৮ কোটি পাউন্ড ছাঁটাইয়ের প্রস্তাব দিয়েছেন। ফিলিপস ইতোমধ্যে কর্মীদের জানিয়েছেন, চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই শুধু কনটেন্ট বিভাগ থেকে প্রায় একশ কর্মী বাদ পড়তে পারেন।

আগামী দুই বছরে ৫০ কোটি পাউন্ডের পরিচালন ব্যয় সাশ্রয় করার লক্ষ্য নিয়ে পুরো প্রতিষ্ঠানজুড়ে প্রায় দুই হাজার পদ বিলুপ্তির বিশাল পরিকল্পনা নেওয়া হয়েছে, এটি তারই একটি অংশ। গত প্রায় ১৫ বছরের মধ্যে বিবিসির সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা এটি।

এ ছাঁটাইয়ের মধ্যে বিবিসি নিউজসহ টেলিভিশন ও রেডিও কার্যক্রম থেকেই কমবে ৫৫০টি পদ। বিবিসির মহাপরিচালক ম্যাট ব্রিটিন বলেছেন, এ পুরো প্রক্রিয়ার মাধ্যমে অন্তত ১৬ কোটি পাউন্ড সাশ্রয় করা সম্ভব হবে। গত জুনে কর্মীদের পাঠানো এক ই-মেইলে তিনি জানান, ‘অর্থ সাশ্রয়ে কঠিন সব সিদ্ধান্ত ও সুনির্দিষ্ট কাজ করা প্রয়োজন, যা এক দিনে বা একবারে হওয়া সম্ভব নয়। কোনো পরিকল্পনা চূড়ান্ত হওয়া মাত্রই তা আপনাদের জানাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি বিভাগকেই উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় করতে হবে।’

বর্তমান পরিস্থিতি নিয়ে কর্মীদের প্রতি সহানুভূতি জানিয়ে ম্যাট ব্রিটিন আরও লিখেছেন, ‘আমরা অত্যন্ত অনিশ্চিত এক সময়ে বাস করছি। বিশ্বকে সঠিকভাবে বুঝতে, তথ্যের ওপর আপডেটেড থাকতে এবং বিনোদনের জন্য আমাদের দর্শক ও শ্রোতারা প্রতিদিন আমাদের ওপর নির্ভর করে। তাই আমাদের মিশন বজায় রেখে অর্থ সাশ্রয় করার এ প্রক্রিয়া সবার জন্যই দ্বিগুণ কঠিন একটি সময়। আপনার বিভাগের উর্ধ্বতনদের সঙ্গে কথা বলুন এবং যেসব সহায়তা ব্যবস্থা রয়েছে তা ব্যবহার করুন। এ কঠিন সময়ে আপনারা যা কিছু করছেন তার জন্য ধন্যবাদ।’

বিবিসিকে আরও দ্রুতগতির করতে শীর্ষ নেতৃত্ব বা জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদগুলোর অন্তত ১০ শতাংশ কমিয়ে আনার কথাও জানিয়েছেন তিনি। এ বিষয়ে আগামী মাসগুলোতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটির কর্তৃপক্ষ।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

/এমএকে/