তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী তারানা হালিম। ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী তারানা হালিম গুলশানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাকে বাসায় পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) বিকাল থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত রাজধানীর গুলশান-২ এলাকার ওই বাসায় পুলিশের উপস্থিতি দেখা যায়।

তারানা হালিম ওই বাসায় ‘অবস্থান’ করছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ বিষয়ে গুলশান থানার ওসি (অপারেশন) ইসমাইল হোসেন খান বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল তারানা হালিম গুলশানের একটি বাসায় আছেন, তবে সেখানে তাকে পাওয়া যায়নি।’

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংরক্ষিত নারী আসনের সাবেক এই সংসদ সদস্যকে প্রকাশ্যে আর দেখা যায়নি।

তারানা হালিমের বাসার নিরাপত্তা কর্মী শরিফ মিয়া শনিবার বলেন, বিকাল ৩টার পর পুলিশ সেখানে আসে। তারা মালপত্র নামিয়েছে। শরিফ মিয়া আরও বলেন, ‘উনিতো এমপি আছিল। উনিতো গেছেই গা, দেশ ছাইড়া পলায়া।’

ঢাকাই সিনেমা টেলিভিশনের একসময়ের অভিনেত্রী তারানা হালিম আওয়ামী লীগ সরকারে ২০১৮ সালে তথ্য ও টেলিযোগাযোগ এবং তথ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

/বিবি/