শিরোনাম

স্পেনকে শেনজেন থেকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই: ফ্রান্স

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
স্পেনকে শেনজেন থেকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই: ফ্রান্স
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ। ছবি: দ্য গার্ডিয়ান

উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় মরক্কো থেকে হাজার হাজার মানুষের অনুপ্রবেশের ঘটনায় স্পেনের সীমান্তে নজরদারি জোরদার করেছে ফ্রান্স। তবে এ সীমান্ত সংকটের অজুহাতে স্পেনকে ‘শেনজেন’ থেকে সাময়িকভাবে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ফরাসি সরকার।

শনিবার (১ আগস্ট) সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ জানান, স্পেনের শেনজেন এলাকা থেকে বাদ পড়ার কোনো প্রয়োজন নেই এবং এমন কোনো বিষয় আলোচনার টেবিলেই নেই। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা বাড়াতে ফরাসি সীমান্তে তল্লাশি জোরদার করা হলেও স্পেনকে এ ব্যবস্থা থেকে সাময়িকভাবে বাদ দেওয়ার মতো কোনো দাবি প্যারিস করছে না।

ফরাসি মন্ত্রীর এ ইতিবাচক অবস্থান এমন এক সময়ে এলো, যার ঠিক একদিন আগে শুক্রবার ইতালি স্পেনের সঙ্গে শেনজেন চুক্তির আওতায় যাতায়াত এক মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছিল। শেনজেন ব্যবস্থার কারণে সদস্য দেশগুলোর নাগরিকরা পাসপোর্ট বা ভিসা ছাড়াই অবাধে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করার সুযোগ পান।

এদিকে, সেউতা সীমান্ত সংকটকে কেন্দ্র করে ইউরোপীয় জোটের কয়েকটি দেশের মনোভাব ও পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। জোটের কিছু দেশের প্রতিক্রিয়াকে তিনি ‘স্বার্থপর, বিভাজনমূলক ও বেআইনি’ বলে অভিহিত করেন। তবে এ কঠিন পরিস্থিতিতে সীমান্ত সামলাতে সহযোগিতা অব্যাহত রাখায় প্রতিবেশী দেশ মরক্কোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/