জাবির প্রধান ফটকে তালা ঝুলালো ছাত্রলীগ

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
জাবির প্রধান ফটকে তালা ঝুলালো ছাত্রলীগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটকে তালা দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটক (ডেইরি গেট) তালাবদ্ধ করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) রাতে ১০-১২ জনের একটি দল ফটকে তালা ঝুলিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

জানা গেছে, ১০ নভেম্বর ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’র অংশ হিসেবে এ ঘটনা ঘটিয়েছেন তারা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম বলেন, গভীর রাতে তিনটি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন এসে আকস্মিকভাবে ফটকে তালা লাগিয়ে দেয়। এ সময় তারা নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকিও দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। তখন পুলিশ এলাকায় টহলে ছিল। পুলিশ ডেইরি গেট থেকে প্রধান ফটক হয়ে প্রান্তিক গেটের দিকে যাওয়ার পথে মাত্র এক মিনিটের মধ্যেই তারা এ ঘটনা ঘটিয়ে সেখান থেকে সরে পড়ে।

তিনি বলেন, ঘটনার পরপরই সাভার থানা, সাভার সার্কেল, আশুলিয়া থানা পুলিশ, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রক্টর বলেন, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পুলিশকে টহল ও নজরদারি বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ মোতায়েনের জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।

/এসবি/