ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থী: মেলোনি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থী: মেলোনি
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনি

ইউরোপের বিভিন্ন দেশ মেয়েদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করেছে। এবার সেই পথে হাটছে ইতালিও। দেশটি শিগগিরই স্কুলগুলোতে বোরকা ও নেকাব নিষিদ্ধ করতে যাচ্ছে। পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করতেও উদ্যোগ নিচ্ছে রোম।

রবিবার (২০ সেপ্টেম্বর) মিলান শহরে এক জনসভায় এ ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনি। তিনি বলেন, ‘শিগগিরই মন্ত্রীসভার বৈঠকে একটি প্রস্তাব পেশ করা হবে। এতে ‘স্কুলগুলো সর্বোচ্চ কত সংখ্যক বিদেশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে, সেটা নির্ধারণ করা হবে। এছাড়া যেসব বিদেশি শিক্ষার্থীর স্কুল ব্যবস্থায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, তাদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে। সেইসঙ্গে স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার মতো বিষয়য় অন্তর্ভুক্ত থাকবে।’

স্কুলের শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমানোর পক্ষে যুক্তি দিয়েছেন মেলোনি। তিনি বলেন, “ক্লাসে যদি মাত্র একজন শিশু ইতালীয় ভাষা না বোঝে, সেক্ষেত্রে সহপাঠী ও শিক্ষকদের সহায়তায় সে সম্ভবত দ্রুত ভাষাটি শিখে নিতে পারবে এবং অন্যদের সঙ্গে মিশে যেতে পারবে। কিন্তু ইতালীয় না-বোঝা শিশুর সংখ্যা যদি অনেক বেড়ে যায়-এমনকি তারা যদি সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়ে—তখন ভাষা শেখানো কঠিন। তাদের আর ইতালীয়দের সঙ্গে একীভূত করা যায় না।’

বোরকা প্রসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের অবশ্যই মুখ খোলা রেখে স্কুলে আসতে হবে। আমাদের দেশে এমন কোনো সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয় না, যা একজন কিশোরী বা তরুণীকে মুখ ঢেকে চলতে উৎসাহিত করে।”

ইতালির স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা শতকরা ১১ দশমিক ৬ ভাগ।

তবে ভবিষ্যতে স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থীর ভর্তির হার কত রাখা হবে সে বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি মেলোনি।

ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বৈধ-অবৈধ অভিবাসনের প্রবণতার মধ্যে শীর্ষে আছে ইতালি। এই অভিবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ মুসলিম। মেলোনির রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালি ও তার অধিকাংশ সমর্থকর মুসলিম অভিবাসীদের ধর্মীয় প্রথা, প্রতীক ও ধর্মাচরণকে ইতালীয় সংস্কৃতির জন্য হুমকি হিসেবে বিবেচনা করেন।

সূত্র: রয়টার্স

/জেএইচ/