রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালো অস্ট্রেলিয়া

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালো অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক বিচার আদালত

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতার ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

শুক্রবার (২০ নভেম্বর) অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে পেনি ওং বলেন, ‘দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ আন্তর্জাতিক বিচার আদালত রায় দিয়েছেন, মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। এই নৃশংসতায় প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন এবং প্রাণ বাঁচাতে প্রায় সাত লাখ মানুষ বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন।

তিনি বলেন, দেশটি গণহত্যার শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানায়। একই সঙ্গে বেঁচে যাওয়া রোহিঙ্গাদের সাহসিকতা ও দৃঢ়তার প্রতি সম্মান জানায়।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে আসছে অস্ট্রেলিয়া। এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বানও জানিয়েছে দেশটি। এরই অংশ হিসেবে মিয়ানমারের সামরিক জান্তার সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া ২০১৭ সাল থেকে মিয়ানমার ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর খাদ্য, আশ্রয়, স্বাস্থ্যসেবা ও শিক্ষার জন্য ১২৬ কোটি ডলারের বেশি মানবিক সহায়তা দিয়েছে অস্ট্রেলিয়া।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের প্রায় এক দশক পেরিয়ে গেলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীরা এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরে ও অঞ্চলজুড়ে আরও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। রোহিঙ্গারা যাতে নিরাপদে, স্বেচ্ছায়, টেকসইভাবে এবং মর্যাদার সঙ্গে নাগরিকত্বের অধিকার নিয়ে নিজ দেশে ফিরতে পারেন, সে জন্য অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি।

এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান সংঘাত ও মানবিক পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা, অবকাঠামো ধ্বংস এবং জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতের রায় সম্পূর্ণভাবে মেনে চলা এবং আসিয়ানের পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

/এসবি/