শিরোনাম

অবিলম্বে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই: রুশ পররাষ্ট্রমন্ত্রী

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
অবিলম্বে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই: রুশ পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি: নিউইয়র্ক টাইমস

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ এখনই থামাচ্ছে না রাশিয়া। পাশাপাশি কোনো ধরনের যুদ্ধবিরতিতেও তারা রাজি নয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সংঘাতের কোনো সাময়িক স্থগিতাদেশ মস্কো মেনে নেবে না। যুদ্ধবিরতি হতে হবে দীর্ঘমেয়াদী এবং স্থায়ী রাজনৈতিক সমাধানের অংশ।

লাভরভের মতে, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ থামানো মানে পিতৃপুরুষদের বীরত্বকে অবমাননা করা। কারণ তাদের পূর্বপুরুষরা একসময় নাৎসিবাদের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছিলেন। তাই কোনো ধরনের অচলাবস্থা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়। বরং দীর্ঘমেয়াদী ও টেকসই একটি সমাধানের ওপর জোর দিচ্ছে তারা।

পাশাপাশি ইউক্রেনকে দেওয়া মিত্রদের সহায়তার বিরুদ্ধেও সুর চড়িয়েছেন এই শীর্ষ রুশ কূটনীতিক। কিয়েভকে সামরিক সরঞ্জাম সরবরাহকারী সবকিছু ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। লাভরভ জানান, রাশিয়া এরই মধ্যে কাজ শুরু করেছে এবং তাদের এ আক্রমণ অব্যাহত থাকবে।

তবে এক স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কৃষ্ণসাগরে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধের একটি পারস্পরিক প্রস্তাব ক্রেমলিনে পাঠিয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতিনিধিরা এ প্রস্তাব দিয়েছেন বলে জানা যায়। তবে এ বিষয়ে কিয়েভ আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার বন্দরগুলোতে হামলা কমাতে ইউক্রেনের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইসপ্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিজে জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। কৃষ্ণসাগরে রুশ তেলের ট্যাংকারে হামলা বন্ধ করতেই তিনি বিশেষ অনুরোধ জানিয়েছেন। মূলত মার্কিন তৎপরতার পরপরই যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়টি সামনে এলো।

সূত্র: আল আরাবিয়া

/এমএকে/