শিরোনাম

যুদ্ধ বন্ধে পুতিনকে সরাসরি আলোচনার প্রস্তাব জেলেনস্কির

সিটিজেন ডেস্ক
যুদ্ধ বন্ধে পুতিনকে সরাসরি আলোচনার প্রস্তাব জেলেনস্কির
ভলোদিমির জেলেনস্কি (বাঁয়ে) ও ভ্লাদিমির পুতিন (ডানে)। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খোলা চিঠি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চিঠিতে তিনি যুদ্ধ বন্ধের জন্য সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। ২৬ বছর ধরে ক্ষমতায় থাকা পুতিনের তীব্র সমালোচনা করে জেলেনস্কি লিখেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরান যুদ্ধে বেশি মনোযোগ দিচ্ছে, তাই ট্রাম্প প্রশাসন কবে ইউক্রেন যুদ্ধ শেষ করার দিকে নজর দেবে, সেই অপেক্ষায় বসে থাকা ভুল হবে।

বর্তমানে ইউক্রেন দূরপাল্লার হামলায় কিছুটা সুবিধা পাচ্ছে, অন্যদিকে রাশিয়া ইউক্রেনের দুর্বলতা কাজে লাগাতে মারাত্মক বিমান হামলা জোরদার করেছে। পুতিন সম্প্রতি সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এক বৈঠকে ড্রোন হামলায় রাশিয়ার ক্ষয়ক্ষতি স্বীকার করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার কথা জানিয়েছেন। তিনি আলাস্কায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া বোঝাপড়ার ভিত্তিতে ইউক্রেন বিষয়ে সমঝোতার প্রস্তুতির কথাও উল্লেখ করেন। এদিকে, ট্রাম্প এ সম্ভাব্য বৈঠককে 'চমৎকার' বলে উল্লেখ করে বলেছেন, এতে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা রয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ডেমোক্র্যাটদের প্রস্তাবিত একটি আইন পাস করেছে, যার মাধ্যমে ইউক্রেনকে সহায়তা প্রদান এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। তবে সিনেটে এ বিল পাসের সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।

জেলেনস্কি সুইজারল্যান্ড, তুরস্ক বা আরব রাষ্ট্রগুলোর মতো কোনো নিরপেক্ষ দেশে এ আলোচনার প্রস্তাব দিয়েছেন। ক্রেমলিন জানিয়েছে, পুতিন এ বার্তা সম্পর্কে অবগত, তবে বিস্তারিত জানার সুযোগ পাননি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, আলোচনা করতে চাইলে জেলেনস্কিকে মস্কোতে আসতে হবে।

জেলেনস্কি চিঠিতে রাশিয়ার দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিকল্পনা এবং বেলারুশ ও মলদোভাকে জড়ানোর চেষ্টার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, রাশিয়া অর্থনৈতিক ও সামরিকভাবে চাপে রয়েছে এবং শুধুমাত্র মে মাসেই ৩০ হাজারেরও বেশি রুশ সৈন্য হতাহত হয়েছে। আলোচনা চলাকালীন ইউক্রেন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের প্রস্তাবও দিয়েছে। চিঠির শেষে পুতিনের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, বিশ্ব ইউক্রেনের প্রতি আগ্রহ হারায়নি, বরং রাশিয়ার প্রতি তাদের বিরক্তি বাড়ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/