কেরালার নৌ একাডেমিতে কথিত বাংলাদেশিকে আটকের দাবি ভারতের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
কেরালার নৌ একাডেমিতে কথিত বাংলাদেশিকে আটকের দাবি ভারতের
বিপ্লব সোরেন

ভারতের কেরালায় অবস্থিত দেশটির অন্যতম কৌশলগত ও স্পর্শকাতর প্রতিরক্ষা ঘাঁটি এজিমালা নেভাল একাডেমি থেকে বিপ্লব সোরেন (৩২) নামের এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, নিজের আসল পরিচয় গোপন করে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে দীর্ঘদিন ধরে ওই নৌ একাডেমির লন্ড্রি বিভাগে চুক্তিভিত্তিক কাজ করছিলেন তিনি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিপ্লবের কাছে ভারতে অবস্থানের কোনো বৈধ কাগজপত্র ছিল না। সম্প্রতি তার আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলে একাডেমি কর্তৃপক্ষ তাকে কড়া নজরদারিতে রাখে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার মোবাইল ফোন ও বিভিন্ন তথ্য ঘেঁটে নিশ্চিত হওয়া যায় যে তিনি একজন বাংলাদেশি নাগরিক। নৌ কর্তৃপক্ষের প্রাথমিক যাচাই-বাছাই শেষে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া আটটার দিকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ভারতের প্রধান এ নৌ একাডেমিতে মূলত দেশের নৌবাহিনী এবং কোস্টগার্ডের উচ্চপদস্থ অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়। এমন একটি সংরক্ষিত ও সুরক্ষিত ঘাঁটিতে একজন বিদেশি নাগরিক কীভাবে নিজের পরিচয় লুকিয়ে কাজ চালিয়ে গেলেন, তা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে।

অভিযুক্ত ব্যক্তি কীভাবে ভুয়া কাগজপত্র তৈরি করলেন, কে বা কারা তাকে এ স্পর্শকাতর স্থানে কাজ পাইয়ে দিলেন এবং এই ঘটনার নেপথ্যে বড় কোনো নিরাপত্তাজনিত ঝুঁকি রয়েছে কি না- সব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সূত্র: এনডিটিভি

/এমএকে/