যুদ্ধাহত ৭০ শতাংশ ইসরায়েলি সেনা কর্মস্থলে ফিরেছেন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
যুদ্ধাহত ৭০ শতাংশ ইসরায়েলি সেনা কর্মস্থলে ফিরেছেন
আহত সৈনিককে বহনকারী একটি হেলিকপ্টারের আগমনের জন্য আইডিএফ সৈন্য এবং প্যারামেডিকরা অপেক্ষা করছেন

গত তিন বছরে যুদ্ধে আহত ইসরায়েলি সেনাসদস্যদের প্রায় ৭০ শতাংশই সুস্থ হয়ে আবারও সামরিক দায়িত্বে ফিরে এসেছেন। রবিবার (২২ নভেম্বর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগে প্রায় ৩১ হাজার আহত সদস্য নিবন্ধিত রয়েছেন।

রবিবার থেকে শুরু হওয়া ‘ইসরায়েলের যুদ্ধ ও শত্রুতামূলক কর্মকাণ্ডে আহতদের প্রতি কৃতজ্ঞতা সপ্তাহ’-কে সামনে রেখে এ পরিসংখ্যান প্রকাশ করে আইডিএফ। এ বিশেষ সপ্তাহটি যৌথভাবে পরিচালনা করছে আইডিএফ পার্সোনেল ডিরেক্টরেট, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ এবং আইডিএফ ডিসেবলড ভেটেরানস অর্গানাইজেশন।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রের নিরাপত্তার জন্য শারীরিক ও মানসিকভাবে আহত সেনাসদস্যদের অবদান ও আত্মত্যাগের প্রতি আইডিএফ স্যালুট জানায়। পাশাপাশি বাহিনীটি জানায়, তারা আহতদের সম্মান জানাতে, আইডিএফ এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তাদের জন্য প্রদত্ত সহায়তা সহজলভ্য করতে এবং ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তায় তাদের কর্মকাণ্ড ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

‘কৃতজ্ঞতা সপ্তাহ’-এর কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে ‘ঘর থেকে আলিঙ্গন’ নামে একটি বিশেষ উদ্যোগও হাতে নেওয়া হয়েছে। আইডিএফ মুখপাত্র ইউনিট, কর্মী অধিদপ্তরের হতাহত বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ প্রতিটি পৌর এলাকার আইডিএফ প্রতিনিধি ও নির্বাচিত স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে এটি বাস্তবায়ন করছে। এ উদ্যোগের আওতায় আইডিএফ কমান্ডার ও স্থানীয় প্রশাসনের প্রধানদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ওই এলাকায় বসবাসরত আহত সেনাসদস্যদের নিয়ে বিশেষ প্যানেলও থাকবে।

সূত্র: জেরুজালেম পোস্ট

/এমএকে/