নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের সফল ‌উৎক্ষেপণ পাকিস্তানের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের সফল ‌উৎক্ষেপণ পাকিস্তানের
দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেলো পাকিস্তান

নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ফা’জ-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর মঙ্গলবার (৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। এ সাফল্য পাকিস্তানের মহাকাশ ও প্রতিরক্ষা খাতে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এক বিবৃতিতে আইএসপিআর জানায়, এ নতুন ক্ষেপণাস্ত্রটিতে অত্যন্ত আধুনিক টার্মিনাল গাইডেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা দূরের যেকোনো শত্রু লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। সামরিক বাহিনীর আশা, ফা’জ ক্ষেপণাস্ত্রটি যুক্ত হওয়ায় পাকিস্তান বিমান বাহিনীর কার্যক্ষমতা অনেক বাড়বে এবং দেশের পুরো প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত হবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ সফল পরীক্ষাই দেখিয়ে দেয় পাকিস্তানের নিজস্ব প্রতিরক্ষা শিল্প প্রযুক্তিগতভাবে কতটা পরিপক্ক ও আত্মনির্ভরশীল হয়ে উঠেছে।

উন্নত এ অস্ত্র ব্যবস্থাটির উন্নয়ন ও উৎক্ষেপণের মুহূর্তে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফল পরীক্ষার পর বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, সেনাবাহিনী প্রধান ও প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং অন্যান্য বাহিনীর প্রধানগণ।

এর আগে ১৩ অক্টোবর পাকিস্তান সেনাবাহিনী তাদের ‘ফাতাহ-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বর্ধিত পাল্লার সংস্করণের সফল পরীক্ষা চালিয়েছিল।

সেনাবাহিনীর গণমাধ্যম শাখার তথ্যমতে, ফাতাহ-২ এক্সটেন্ডেড রেঞ্জ (ইআর) অস্ত্র ব্যবস্থাটিতে উন্নত নেভিগেশন ও অত্যাধুনিক এভিওনিক্স প্রযুক্তি রয়েছে। আইএসপিআর বলেছে, ক্ষেপণাস্ত্রটি তার অনন্য গতিপথ ও কৌশলগত বৈশিষ্ট্যের কারণে অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে। সংস্থাটি আরও জানায়, এ ফাতাহ-২ ইআর-এর বর্ধিত পাল্লার কারণে পাকিস্তান সেনাবাহিনী এখন থেকে আরও দূরের লক্ষ্যবস্তুতে সহজেই আঘাত হানতে পারবে।

সূত্র: জিও নিউজ

/এমএকে/