শিরোনাম

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৭

সিটিজেন ডেস্ক
চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৭
ছবি: এপি

মধ্য চীনের হুনান প্রদেশের লিউইয়াং শহরে সোমবার (৪ মে) ভয়াবহ আতশবাজি ত কারখানা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে বলে শুক্রবার (৮ মে) নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪৩ মিনিটে সংঘটিত এ দুর্ঘটনায় আরও ৫১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হলেও বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। এছাড়া এখনও একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অবহেলার অভিযোগে পুলিশ ইতোমধ্যেই ৮ জনকে আটক করেছে।

ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযানে ১,৫০০-র বেশি কর্মী মোতায়েন করে এবং বর্তমানে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম প্রায় শেষের দিকে। এ দুর্ঘটনার প্রেক্ষিতে হুনান প্রদেশের সকল আতশবাজি কারখানার উৎপাদন তাৎক্ষণিকভাবে স্থগিত করে সেগুলোতে পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার কঠোর নির্দেশ দিয়েছে চীনা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, লিউইয়াং শহরটি বিশ্বজুড়ে চীনের আতশবাজি তৈরির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে ৪০০-র বেশি আতশবাজি উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। ২০২৫ সালে এ শহরের আতশবাজি খাতের বার্ষিক উৎপাদন ৫০ বিলিয়ন ইউয়ান (৭.৩ বিলিয়ন ডলার) ছাড়িয়ে গিয়েছিল, যা চীনের মোট আতশবাজি রপ্তানির প্রায় ৭০ শতাংশ। বর্তমানে ভয়াবহ এ বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট প্রশাসন।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/