শিরোনাম

দুর্নীতি মামলায় চীনের সাবেক ২ প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

সিটিজেন ডেস্ক
দুর্নীতি মামলায় চীনের সাবেক ২ প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড
লি শাংফু (বামে) ও ওয়েই ফেংহে (ডানে)। ছবি: সংগৃহীত

চীনের সামরিক বাহিনীতে দুর্নীতির বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে দেশটির সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত এ চাঞ্চল্যকর রায়ে বেইজিংয়ের সামরিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। ২০১২ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট শি জিনপিং সামরিক বাহিনীকে দুর্নীতিমুক্ত ও আধুনিক করার যে অঙ্গীকার করেছিলেন, এ রায়কে তারই প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে দেশটির এলিট রকেট ফোর্স যারা পারমাণবিক এবং প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নিয়ন্ত্রক সেখানে অভিযানের প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, লি শাংফু তার দায়িত্ব পালনকালে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে অন্যদের অনৈতিক সুবিধা দিয়েছেন এবং নিজের পদের অপব্যবহার করেছেন। রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া জানায়, লি কেবল নিজে ঘুষ গ্রহণই করেননি, বরং অন্যদের ঘুষ দিতে প্ররোচিত ও সহায়তা করেছেন, যা সামরিক শৃঙ্খলা ও রাজনৈতিক নৈতিকতার চরম লঙ্ঘন।

একইভাবে, ২০২৪ সালে শুরু হওয়া তদন্তে ওয়েই ফেংহের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহার করে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে অন্যায্য সুযোগ পাইয়ে দেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে। তাদের এ কর্মকাণ্ডকে চীনের জাতীয় নিরাপত্তা ও সামরিক কাঠামোর জন্য অত্যন্ত ক্ষতিকর ও গুরুতর অপরাধ হিসেবে গণ্য করেছে আদালত।

তবে এ মৃত্যুদণ্ডাদেশের সঙ্গে দুই বছরের একটি স্থগিতাদেশ জুড়ে দেওয়া হয়েছে। চীনের বিচারিক রীতি অনুযায়ী, মৃত্যুদণ্ডের সঙ্গে দুই বছরের স্থগিতাদেশের অর্থ হলো আগামী দুই বছর দণ্ডপ্রাপ্তরা কোনো নতুন অপরাধে না জড়ালে তাদের সাজা স্বয়ংক্রিয়ভাবে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হবে। তবে এক্ষেত্রে শর্ত থাকে, সাজা পরিবর্তনের পর অপরাধীদের আমৃত্যু কারাগারে কাটাতে হবে এবং তারা কোনো প্রকার প্যারোল বা সাজা হ্রাসের সুবিধা পাবেন না। মূলত শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ড কাঠামোতে স্বচ্ছতা ফিরিয়ে আনতেই এ কঠোর বার্তা দেওয়া হয়েছে। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, একের পর এক শীর্ষ কর্মকর্তার এমন অপসারণ চীনের সামরিক আধুনিকীকরণ প্রক্রিয়ায় সাময়িক জটিলতা তৈরি করতে পারে।

সূত্র: রয়টার্স

/এমএকে/