থাইল্যান্ডে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৯

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
থাইল্যান্ডে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৯
বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর কালো ধোঁয়া দেখা যাচ্ছে

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত নয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর বলে ব্যাংককের ইরাওয়ান জরুরি চিকিৎসা কেন্দ্র নিশ্চিত করেছে। দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকার বাসিন্দাদের দ্রুত বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পূর্ব ব্যাংককের ফরা খানং তেল শোধনাগারে এ দুর্ঘটনা ঘটে। স্থাপনাটি পরিচালনাকারী থাই জ্বালানি সংস্থা ব্যাংচাক করপোরেশন জানিয়েছে, আগুন লাগার পরপরই তারা শোধনাগারটির সব উৎপাদন ইউনিট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শোধনাগারের হাইড্রোক্র্যাকিং ইউনিট থেকেই আগুনের সূত্রপাত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, স্থাপনাটির ওপর দিয়ে আগুনের শিখা উঠছে এবং আকাশ ঢেকে গেছে ঘন কালো ধোঁয়ায়। পরিস্থিতি বিবেচনায় বাংনা জেলা দপ্তর তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক জরুরি বার্তায় জানিয়েছে, নিজের নিরাপত্তার স্বার্থে, আশপাশের জনসাধারণকে অবিলম্বে এলাকা ত্যাগ করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে থাইল্যান্ডের জ্বালানি মন্ত্রী আকানাত প্রোমফান সাংবাদিকদের জানান, আগুনটি মূলত একটি পাতন টাওয়ারে লেগেছিল, যা তেল ডিপো থেকে অন্তত ১০০ মিটার দূরে ছিল। মূল ডিপো থেকে দূরে থাকায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে এবং ক্ষয়ক্ষতি অনেকটাই সীমিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে, দূষণ নিয়ন্ত্রণ বিভাগ শোধনাগারের ৩ থেকে ৪ কিলোমিটার এলাকার বাতাস পরীক্ষা করে জানিয়েছে, সেখানকার বায়ুর মান এখনো স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে।

ব্যাংচাক করপোরেশনের তথ্যানুযায়ী, এটি প্রতিদিন সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার ব্যারেল ধারণক্ষমতা সম্পন্ন একটি আধুনিক ও জটিল শোধনাগার। উল্লেখ্য, এর আগে ২০১২ সালের জুলাই মাসেও তৎকালীন ব্যাংচাক পেট্রোলিয়ামের মালিকানাধীন এ শোধনাগারে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছিল।

সূত্র: আল জাজিরা

/এমএকে/