গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ে বিপত্তি, যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ে বিপত্তি, যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ে বিপত্তি দেখা দিয়েছে

গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের লেনদেন নিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেক গ্রাহক। টাকা পাঠানো, টাকা তোলা বা ক্যাশ আউট- কোনোটাই ঠিকমতো করতে পারছেন না তারা। অনেকের ফোনে অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখার বার্তা আসছে। এতে অ্যাকাউন্টে টাকা থাকলেও জরুরি প্রয়োজনে তা হাতে পাচ্ছেন না সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট সূত্রের খবর, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের কারণে গোপালগঞ্জে ৯৭টি অ্যাকাউন্ট বন্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে এর বাইরেও আরও অনেক অ্যাকাউন্ট সাময়িকভাবে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর জেরে জেলায় মোবাইল ব্যাংকিংয়ের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। সূত্র বলছে, নিরাপত্তার শঙ্কায় এমএফএস প্রতিষ্ঠানের কর্মীরা এজেন্টদের কাছে টাকা পাঠাতে পারছেন না। ফলে এজেন্টদের কাছে নগদ টাকার ঘাটতি দেখা দিয়েছে এবং গ্রাহকেরা জমা বা তোলার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্যে যারা মোবাইল ব্যাংকিংয়ের ওপর ভরসা করেন, তাদের দুশ্চিন্তা বেড়েছে।

এদিকে বিকাশ থেকে গ্রাহকদের পাঠানো বার্তায় লেখা থাকছে, ‘এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’ এমন বার্তা পেয়ে বিপাকে পড়েছেন গ্রাহকেরা। বিশেষ করে যাদের অ্যাকাউন্টে ব্যবসার টাকা কিংবা জমানো সঞ্চয় রয়েছে, তারা প্রয়োজনে সে টাকা ব্যবহার করতে পারছেন না। কেন অ্যাকাউন্ট বন্ধ হলো, কবে খুলবে বা কীভাবে আবার চালু করা যাবে- এসব নিয়ে পরিষ্কার কোনো কথা না থাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে।

তবে গোপালগঞ্জের বাসিন্দা বা ওই জেলার ঠিকানায় খোলা অ্যাকাউন্ট বেছে বেছে বন্ধ করার অভিযোগ মানতে নারাজ বিকাশ। বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ‘এমএফএস বিধিমালা অনুযায়ী সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে কিছু হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত ও যাচাই শেষে এসব হিসাব চালু করা হবে, নাকি বন্ধ থাকবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। কোনো হিসাবে অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন দেখা গেলে সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করা হয়। হিসাবধারী আবেদন করলে বিষয়টি আবার যাচাই করা হতে পারে। তদন্তে বড় ধরনের সন্দেহজনক কার্যক্রমের প্রমাণ না পাওয়া গেলে হিসাব পুনরায় চালু করে দেওয়া হয়।’

তার মতে, ‘এটা শুধু গোপালগঞ্জ বলে কোনো বিষয় নয়। আমাদের ডিজিটাল লেনদেনের সব তথ্য সংরক্ষিত থাকে। যেসব হিসাবে সন্দেহজনক লেনদেন দেখা যায়, সেগুলোর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। সেটি যেকোনো হিসাব হতে পারে, কোনো নির্দিষ্ট এলাকার বিষয় নয়।’ বিকাশের দাবি, প্রায় আট কোটি মানুষ প্রতিষ্ঠানটির সেবা নেন। তাই কোনো অ্যাকাউন্ট গোপালগঞ্জের নাকি ঢাকার, তা আলাদা করে দেখে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

বিকাশের পাশাপাশি নগদ ও রকেট ব্যবহারকারীরাও একই রকম সমস্যায় পড়েছেন বলে জানা গেছে। যদিও এসব প্রতিষ্ঠানের ঠিক কয়টি অ্যাকাউন্ট বন্ধ বা সাময়িকভাবে আটকে রাখা হয়েছে, তার নির্দিষ্ট হিসাব মেলেনি।

নগদের মুখপাত্র সজল জাহিদ বলেন, ‘কোনো নির্দিষ্ট জেলার গ্রাহকদের হিসাব বন্ধ করা হচ্ছে-এমন তথ্য তাদের কাছে নেই। নগদ কোনও এলাকার সেবা বন্ধ করেনি। এমএফএস প্রযুক্তিতে জিওগ্রাফিক্যাল লোকেশনের সেবা বন্ধ করা সম্ভব নয়। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে সন্দেহজনক লেনদেনের তথ্য গেলে নিয়মিত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হিসাবের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।’

তিনি যোগ করেন, ‘কোনো গ্রাহকের নম্বরে সন্দেহজনক লেনদেন হলে বিএফআইইউর নির্দেশনায় হিসাব বন্ধ হতে পারে। এ ক্ষেত্রে গ্রাহকের বাড়ি গোপালগঞ্জ, ফরিদপুর নাকি ঢাকায়, তা বিবেচ্য নয়। হিসাব খোলার সময় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য নেওয়া হলেও গ্রাহক বর্তমানে কোথায় অবস্থান করছেন কিংবা কোন এলাকায় তার মোবাইল নম্বর ব্যবহার হচ্ছে, তা এমএফএস প্রতিষ্ঠানের পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব নয়।’

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেলে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের পরিপ্রেক্ষিতেই মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, কয়টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য রবিবার (২৯ নভেম্বর) পাওয়া যেতে পারে।

/এমএকে/