থাইল্যান্ডে পর্যটনকেন্দ্রে আগুন, নিহত ১১

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
থাইল্যান্ডে পর্যটনকেন্দ্রে আগুন, নিহত ১১
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা

থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটের একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৬ জন আহত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে ৩টার দিকে চারতলা বিশিষ্ট ওই ভবনটিতে আগুন লাগে। ভবনটিতে একটি রেস্তোরাঁ ও ভাড়ায় আবাসনের ব্যবস্থা ছিল।

পুলিশের এক কর্মকর্তা এএফপিকে জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের দুই ঘণ্টা সময় লাগে। পরে ঘটনাস্থল থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে থাইল্যান্ড ও মিয়ানমারের নাগরিক রয়েছেন।

আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে বলে ওই কর্মকর্তা জানান। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তিনি নিজের নাম প্রকাশ করেননি।

তিনি আরও জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া এবং ভাঙা কাচের আঘাতে আহত ১৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

থাইল্যান্ডে স্বাস্থ্য ও নিরাপত্তাবিধি কার্যকরের বিষয়টি, বিশেষ করে বার ও নৈশক্লাবের ক্ষেত্রে, দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ হয়ে রয়েছে।

গত জুলাইয়ে রাজধানী ব্যাংককের একটি জনাকীর্ণ বারে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ওই অগ্নিকাণ্ডে প্রায় ৪০ জন মারা যায় বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।

এর আগে ২০০৯ সালে নববর্ষ উদযাপনের সময় রাজধানীর সান্তিকা ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু ও দুই শতাধিক মানুষ আহত হয়।

/এফআর/