ইন্দোনেশিয়ায় প্লাবিত স্বর্ণের খনিতে নিহতের সংখ্যা বেড়ে ১৬, নিখোঁজ ১০

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইন্দোনেশিয়ায় প্লাবিত স্বর্ণের খনিতে নিহতের সংখ্যা বেড়ে ১৬, নিখোঁজ ১০
প্লাবিত স্বর্ণের খনিতে উদ্ধার অভিযান চলছে

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি অবৈধ স্বর্ণের খনিতে বন্যার পানি ঢুকে অন্তত ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্রোত, ঘুটঘুটে অন্ধকার আর পিচ্ছিল ও সংকীর্ণ সুড়ঙ্গের ভেতর আটকা পড়া আরও ১০ শ্রমিকের সন্ধানে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে রাজধানী জাকার্তার দক্ষিণে বোগোর রিজেন্সির পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা যখন খনির ভেতরে ছিলেন, ঠিক তখনই ভারী বৃষ্টিতে সিসুরেহ নদীর পানি উপচে আনুমানিক ১০০ মিটার (৩৩০ ফুট) গভীর খনি খাদটিতে ঢুকে পড়ে। পুরো খাদটি পানিতে তলিয়ে যাওয়ার আগেই অবশ্য খনির একটি অংশ থেকে বেশ কয়েকজন শ্রমিক বেরিয়ে আসতে সক্ষম হন।

কর্তৃপক্ষ জানিয়েছে, খনিটিতে অবৈধভাবে কাজ চলছিল বলে শুরুতে তাদের কিছুই জানানো হয়নি। বিপদ আঁচ করতে পেরে স্থানীয় বাসিন্দা ও অন্য শ্রমিকরা নিজেরাই পাম্প বসিয়ে পানি সেচার চেষ্টা করেছিলেন। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে বন্যার প্রায় ১৬ ঘণ্টা পর পুলিশ প্রথম আটকা পড়ার খবর পায়। এরপর বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাতের পরপরই পাশের রাষ্ট্রীয় খনি কোম্পানি পিটি আন্তাম বিষয়টি জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার সংস্থাকে আনুষ্ঠানিকভাবে জানালে বড় আকারে উদ্ধার অভিযান শুরু হয়।

পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রোচমাওয়ান জানান, বৃহস্পতিবার পর্যন্ত ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ভেতরে এখনো অন্তত ১০ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার অভিযানের অগ্রগতি নিয়ে রোচমাওয়ান বলেন, চতুর্থ দিনে এসে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। কিন্তু আমরা অনুসন্ধান চালিয়ে যাব। এই মুহূর্তে কেউ বেঁচে থাকলে তা অলৌকিক ঘটনাই হবে।

জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান দেসিয়ানা কার্তিকা বাহারি জানান, বৃহস্পতিবার ৩২৫ জন উদ্ধারকর্মী পাশাপাশি দুটি খনি খাদে তল্লাশি চালান। গর্তের ভেতর থেকে পানি সরাতে ডুবো পাম্প ব্যবহারের পাশাপাশি ভূগর্ভস্থ পানি চুঁইয়ে ঢোকার পথগুলো বন্ধ করার চেষ্টা চলছে।

ইন্দোনেশিয়ায় এভাবে অনুমোদনহীন ও অনানুষ্ঠানিক খনি খনন বেশ সাধারণ ঘটনা। সামান্য আয়ের আশায় হাজার হাজার শ্রমিক কোনো ধরনের সুরক্ষা সরঞ্জাম ছাড়াই চরম ঝুঁকির মধ্যে কাজ করেন। এসব খনিতে প্রায়ই সুড়ঙ্গ ধস, ভূমিধস ও বন্যার মতো দুর্ঘটনা ঘটে। এর পাশাপাশি স্বর্ণ পরিশোধনের কাজে বিষাক্ত পারদ ও সায়ানাইড ব্যবহারের কারণে শ্রমিকরা সব সময়ই মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে থাকেন।

সূত্র: এপি

/এমএকে/