শিরোনাম

চীন ইরানকে অস্ত্র দিলে হতাশ হবো: ট্রাম্প

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
চীন ইরানকে অস্ত্র দিলে হতাশ হবো: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের কাছে চীন কোনো ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করবে না বলে ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তবে এই প্রতিশ্রুতি ভেঙে বেইজিং যদি শেষ পর্যন্ত তেহরানকে অস্ত্র সরবরাহ করে, তবে ভীষণ হতাশ হবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সাম্প্রতিক খবরের জবাবে ট্রাম্প এসব কথা জানান। তার মতে, চীনা প্রেসিডেন্ট যদি প্রতিশ্রুতি অমান্য করে সত্যিই এমন পদক্ষেপ নেন, তবে তা হবে অত্যন্ত আশ্চর্যজনক।

সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সিএনএন-এর গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীন থেকে তৈরি প্রায় ৪০০টি কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পেতে যাচ্ছে ইরান। পাশাপাশি তেহরানকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার জন্য বেইজিং প্রস্তুতি নিচ্ছে বলেও ইঙ্গিত পাওয়া যায়। ইরান যখন গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদারদের সহায়তায় সামরিক সক্ষমতা নতুন করে পুনর্গঠনের চেষ্টা করছে, ঠিক তখনই এ তথ্য সামনে আসে। এসব খবরের জবাবে ট্রাম্প জানান, প্রেসিডেন্ট শি তাকে নিশ্চিত করেছেন বেইজিং এ প্রক্রিয়ায় অংশ নেবে না। মে মাসে বেইজিংয়ে শীর্ষ বৈঠকের কথা মনে করিয়ে দিয়ে ট্রাম্প বলেন, শি জিনপিং অস্ত্র না দেওয়ার কথা বলেছেন এবং তাদের সুসম্পর্কের খাতিরে তিনি চীনা প্রেসিডেন্টের কথা বিশ্বাসও করেন।

কেবল চীন নয়, রাশিয়ার কাছ থেকেও একই ধরনের আশ্বাস পেয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানকে ঘিরে যে দুটি বড় দেশের কথা প্রায়ই বলা হয়, তারা আসলে অস্ত্র হস্তান্তরের প্রক্রিয়ায় জড়িত নেই। তবে সতর্কবার্তা দিয়ে ট্রাম্প আরও বলেন, তারা যদি শেষ পর্যন্ত এমন কিছু করে তবে সেটি তাদের জন্যই খুব খারাপ হবে এবং কোনোভাবেই ভালো কিছু বয়ে আনবে না। উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলাগুলোর পেছনে রাশিয়া বা চীনের গোয়েন্দা সংস্থাগুলো তেহরানকে কোনো নিশানা সংক্রান্ত তথ্য সরবরাহ করছে কি না, তা নিয়ে ওয়াশিংটনে ইতোমধ্যে তদন্ত চলছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার আলোচনার প্রসঙ্গ টেনে ট্রাম্প জানান, ইউক্রেনে সংঘাত বজায় থাকা সত্ত্বেও পুতিন তাকে আশ্বাস দিয়েছেন মস্কো ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না। ইউক্রেন প্রসঙ্গে ওয়াশিংটনের অস্ত্র নীতি পুতিন ভালোভাবেই বোঝেন উল্লেখ করে ট্রাম্প বলেন, আমেরিকা সরাসরি ইউক্রেনকে নয়, বরং ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করে-যারা এর পুরো দাম পরিশোধ করে। তাই চীন ও রাশিয়া উভয় দেশের শীর্ষ নেতাই তেহরানকে অস্ত্র না দেওয়ার যে ব্যক্তিগত প্রতিশ্রুতি দিয়েছেন, ট্রাম্প শেষ পর্যন্ত তার ওপরই আস্থা রাখছেন। ওভাল অফিসে বিশ্বনেতাদের প্রতি নিজের বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তার ধারণা দুই দেশের নেতাই তাকে কোনোভাবে হতাশ করতে চাইবেন না।

সূত্রধ এনডিটিভি

/এমএকে/