শিরোনাম

আজ পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

সিটিজেন ডেস্ক
আজ পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল
জ্যারেড কুশনার (বামে) এবং স্টিভ উইটকফ। ছবি: এপি

ইরানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার পাকিস্তান সফরে যাচ্ছেন। শনিবার (২৫ এপ্রিল) তারা ইসলামাবাদের উদ্দেশে রওনা দেবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ সফরের ঘোষণা দেন।

ক্যারোলিন লেভিট জানান, ইরানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার লক্ষ্যেই বিশেষ দূত উইটকফ ও কুশনার পাকিস্তান যাচ্ছেন। হোয়াইট হাউসের এ কর্মকর্তা আরও ইঙ্গিত দিয়েছেন, ইরানিরা আলোচনার টেবিলে বসতে আগ্রহী। এ বিশেষ আলোচনা যদি ইতিবাচক ফলাফল বয়ে আনে, তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও পাকিস্তান সফরে যেতে পারেন বলে প্রস্তুতি রাখা হয়েছে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শুক্রবার রাতেই পাকিস্তানে পৌঁছেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি প্রতিনিধিরা দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। মূলত আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হবে।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো বৈঠকে বসার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তাদের কোনো সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের বক্তব্য বা পর্যবেক্ষণগুলো পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হবে। আব্বাস আরাঘচি শুধুমাত্র পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেই আনুষ্ঠানিক বৈঠকগুলোতে অংশ নেবেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এমএকে/