শিরোনাম

ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

সিটিজেন ডেস্ক
ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বরিশালে ছাত্রলীগের মিছিল। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের একাধিক স্থানে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। মিছিলের ভিডিও শুক্রবার (২৪ এপ্রিল) ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে শেয়ার দেওয়া হয়। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে নানা আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, মিছিলে ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা।

জানা গেছে, রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে, কাকরাইল মোড়ে এবং চট্টগ্রাম নগরের জিইসি, দুই নম্বর গেট ও সিআরবি এলাকার পাশাপাশি বরিশাল জেলা জজ আদালতের সামনে বিভিন্ন শাখার ব্যানারে এসব বিক্ষোভ মিছিল করা হয়েছে।

আমাদের সংবাদদাতাদের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম নগরীর জিইসি, দুই নম্বর গেট ও সিআরবি এলাকায় মহানগর ছাত্রলীগ ও এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারের বিক্ষোভ মিছিল করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম নগরের পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভিডিও দেখে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনা হবে।

এদিকে বরিশাল জেলা জজ আদালতের সামনে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আদালতের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর কাকুলীর মোড়ের ট্রাফিক পুলিশ বক্স অতিক্রম করে বিদুর পুকুর পাড় ফোয়ারা এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচার দাবি জানান।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। মিছিল অংশগ্রহণকারীদের আইনের আওতায় আনা হবে।

/এফআর/