ইরানকে আরও চাপে ফেলতে নতুন ‘টাস্ক ফোর্স’ গঠন যুক্তরাষ্ট্রের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইরানকে আরও চাপে ফেলতে নতুন ‘টাস্ক ফোর্স’ গঠন যুক্তরাষ্ট্রের
নতুন ‘টাস্ক ফোর্স’ গঠন করেছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ আরও এক ধাপ বাড়াল যুক্তরাষ্ট্র। এবার দেশটির স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র এবং নিষিদ্ধ মালামাল চোরাচালান বন্ধ করতে একটি বিশেষ ইউনিট চালু করেছে ওয়াশিংটন। ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামের এ ইউনিটের মূল কাজ হবে তেহরানের সামরিক সরবরাহ ও অবৈধ অর্থের উৎস পুরোপুরি অবরুদ্ধ করা।

শনিবার (৭ নভেম্বর) সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এক বিবৃতির বরাতে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকম জানায়, কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার নতুন এ টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। সামরিক ও বেসামরিক সদস্য মিলিয়ে প্রায় ২০ জনের একটি দল নিয়ে এ ইউনিট কাজ শুরু করছে। ফ্লোরিডার টাম্পায় থাকবে এর মূল কার্যালয়। যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে ইরানের স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগরে নজরদারি চালাবে এ দল। তাদের প্রাথমিক লক্ষ্য হলো—উন্নত সামরিক সরঞ্জাম, দ্বিমুখী ব্যবহারে সক্ষম প্রযুক্তি এবং নিষেধাজ্ঞা থাকা যেকোনো পণ্য পরিবহন শনাক্ত ও আটক করা।

এ পদক্ষেপের গুরুত্ব তুলে ধরে সেন্টকম প্রধান ব্র্যাড কুপার বলেন, ‘টাস্ক ফোর্স আয়রন গেট গঠন সমুদ্রপথে ইরানের বিরুদ্ধে আমাদের কঠোর অবরোধের সাফল্যকে আরও সুসংহত করবে।’

ব্র্যাড কুপারের দাবি, নতুন এই উদ্যোগের ফলে ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ জোগানো, অস্ত্র কারখানা পুনর্নির্মাণ এবং সামরিক শক্তিতে ডানা মেলার সুযোগ একদম কমে আসবে।

এদিকে সেন্টকমের দাবি অনুযায়ী, সাগরে যুক্তরাষ্ট্রের কঠোর নজরদারির কারণে গত কয়েক মাসে ইরান অন্তত ২৫ বিলিয়ন ডলারের অপরিশোধিত তেল বিক্রি করতে পারেনি। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, আরব ও ওমান উপসাগরের ইরানি বন্দরগুলোতে তাদের এই কড়া নজরদারি অব্যাহত থাকবে, তবে মানবিক সাহায্য আনা-নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না।

দুই দেশের সম্পর্কের টানাপোড়েন ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনের পক্ষ থেকে এই বড় ঘোষণাটি এলো।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/