নির্বাচনের পরই ট্রাম্প প্রশাসনের ৩ কর্মকর্তার পদত্যাগ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
নির্বাচনের পরই ট্রাম্প প্রশাসনের ৩ কর্মকর্তার পদত্যাগ
অ্যাটর্নি জেসন এ. রেডিং কুইনোনেস

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর বিচার বিভাগে বড় ধরনের রদবদলের হাওয়া বইতে শুরু করেছে। ইতোমধ্যে বিভাগটি থেকে তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের তালিকায় অন্যতম প্রভাবশালী মুখ জ্যেষ্ঠ ফেডারেল প্রসিকিউটর জেসন রেডিং কুইনোনস। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে একটি তদন্তের নেতৃত্বে ছিলেন।

একটি সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের কাঙ্ক্ষিত কয়েকটি অত্যন্ত বিতর্কিত তদন্ত এগিয়ে নিতে রাজি ছিলেন কুইনোনেস। তবে তা সত্ত্বেও বিভাগীয় শীর্ষ নেতৃত্বের তুমুল চাপের মুখে শেষ পর্যন্ত দক্ষিণ ফ্লোরিডার মার্কিন অ্যাটর্নির পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি।

এদিকে এ রদবদলের ধাক্কা লেগেছে অন্যান্য বিভাগেও। বিচার বিভাগের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান জন আইজেনবার্গ শুক্রবার (৬ নভেম্বর) তার পদত্যাগের ঘোষণা দেন। এর এক দিন আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) নাগরিক অধিকার বিভাগের প্রধানের পদ ছাড়েন হারমিত ধিলন।

বিভিন্ন প্রশাসনিক কারণে বিচার বিভাগে এমন পরিবর্তন প্রত্যাশিত ছিল। মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর ধারণা করা হচ্ছিল, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদী প্রশাসনের মেয়াদ এখনও দুই বছর বাকি থাকতেই কিছু কর্মকর্তা লাভজনক আইন সংস্থার চাকরিতে ফিরে যাবেন। তাছাড়া প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা এখন তদারকির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে এবং তদন্ত শুরু করতে প্রস্তুত। এ পরিস্থিতিতে বিচার বিভাগের কিছু শীর্ষ কর্মকর্তা মনে করছিলেন ভেতরের উগ্র ভাবাপন্ন ব্যক্তিরা প্রশাসনের জন্য আরও বড় বোঝা হয়ে দাঁড়াতে পারেন।

অন্যদিকে, অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বিচার বিভাগের ওপর নিজের নিয়ন্ত্রণ পুনপ্রতিষ্ঠায় জোর চেষ্টা চালিয়ে আসছিলেন। তবে ধিলন ও কুইনোনসের বিদায়ের পরও ডেমোক্র্যাটরা যে তাদের আগের কর্মকাণ্ড তদন্ত করার আগ্রহ হারিয়ে ফেলবেন, বিষয়টি তেমন নয়।

পর পর এই শীর্ষ পদত্যাগগুলো ট্রাম্প প্রশাসনের জন্য আগামী দিনে বেশ বড় একটি চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত সিনেট থেকে নতুন কর্মকর্তাদের নিয়োগ অনুমোদন করিয়ে নেওয়া প্রশাসনের জন্য এখন বেশ কঠিন হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। অবশ্য পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট তার মেয়াদী সময়ের বাকি দিনগুলোতে কাজ পরিচালনার জন্য ভারপ্রাপ্ত নেতাদের সাময়িকভাবে দায়িত্ব দিতে পারেন।

সূত্র: সিএনএন

/এমএকে/