ইরানের পারমাণবিক তথ্যে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইরানের পারমাণবিক তথ্যে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
তেহরানের ইনকিলাব চত্বরে, পারমাণবিক বিজ্ঞানী ও সেন্ট্রিফিউজের ছবি সম্বলিত বিলবোর্ড

ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত তথ্যের জন্য সর্বোচ্চ ২ কোটি বা ২০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তথ্যদাতাদের নিরাপত্তার স্বার্থে তাদের অন্যত্র পুনর্বাসনের প্রস্তাবও দেওয়া হচ্ছে। শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস (আরএফজে) কর্মসূচির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সন্ত্রাসবাদ এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন বিদেশি অভিযান সম্পর্কিত তথ্য সংগ্রহের কাজ করে মার্কিন সংস্থা আরএফজে। ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত স্থাপনা, সরঞ্জাম ও যুক্ত কর্মীসহ নানা তথ্যের বিনিময়ে তারা নতুন এ পুরস্কার ও পুনর্বাসনের প্রস্তাব দিয়েছে। তবে যুদ্ধ শুরুর প্রায় আট মাস পর যুক্তরাষ্ট্র কেন এমন প্রস্তাব দিল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তথ্য গোপন ও সুরক্ষিত রাখতে আরএফজে সিগন্যাল, টেলিগ্রাম ও টর (Tor) ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন ভাষায় এসব তথ্য সংগ্রহ করছে।

সংস্থাটির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) জানিয়েছে, ২০২৫ সালে ইরান ইউরেনিয়ামকে ৬০% বিশুদ্ধতায় সমৃদ্ধ করছে, যা পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় ৯০% থেকে প্রযুক্তিগতভাবে সামান্যই দূরে। পারমাণবিক অস্ত্রবিহীন রাষ্ট্রগুলোর মধ্যে ইরানই একমাত্র দেশ, যারা এত উচ্চ মাত্রায় ইউরেনিয়াম উৎপাদন করে। বিশেষজ্ঞদের মতে, এ ইউরেনিয়ামকে আরও সমৃদ্ধ করা হলে তা কয়েকটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট হতে পারে।

তথ্যদাতাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সূত্রগুলোর পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে বলে জানিয়েছে আরএফজে। প্রয়োজন অনুযায়ী কোনো সূত্র ও তার পরিবারকে অন্য কোথাও স্থানান্তরের সুযোগ রাখা হয়েছে। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংস্থাটি অন্তত ১২৫ জনেরও বেশি ব্যক্তিকে ২৫ কোটি ডলারের বেশি অর্থ প্রদান করেছে, যারা মার্কিন জাতীয় নিরাপত্তা রক্ষায় সহায়ক দরকারি তথ্য সরবরাহ করেছিলেন।

আরএফজে বর্তমানে সন্ত্রাসবাদ, বিদেশি নির্বাচনে হস্তক্ষেপ, ক্ষতিকর সাইবার কার্যক্রম ও উত্তর কোরিয়ার বিভিন্ন আর্থিক কৌশল সম্পর্কিত তথ্যের ভিত্তিতে ১০ লাখ থেকে শুরু করে আড়াই কোটি (২৫ মিলিয়ন) ডলার পর্যন্ত পুরস্কার দিয়ে থাকে।

এদিকে ইরানি শাসকগোষ্ঠীকে ডিজিটাল সম্পদ ব্যবহারের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়াতে ও সন্ত্রাসবাদে অর্থায়নে সহায়তা করার অভিযোগে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং কানাডা যৌথভাবে ৮টি ডিজিটাল সম্পদ পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

সূত্র: জেরুজালেম পোস্ট

/এমএকে/