শিরোনাম

যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক এলাকায় গুলি, নিহত ৩

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক এলাকায় গুলি,  নিহত ৩
টুইন ফলস শহরের বাণিজ্যিক এলাকায় হামলাকারী ব্যাক্তি

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি বাণিজ্যিক এলাকায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণে হামলাকারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আরো দুইজন আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, শনিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে হামলাকারী হাতে রাইফেল নিয়ে একটি রেস্টুরেন্টের সামনে অবস্থান করছিলেন এবং একপর্যায়ে পার্কিং লটে গিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন। খবর পেয়ে টুইন ফলস পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টুইন ফলস পুলিশ প্রধান ম্যাথিউ হিকস বলেন, বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে এবং জনসাধারণের জন্য আর কোনো ঝুঁকি নেই। হামলাকারীর পরিচয় এবং এ ধরনের ঘটনার পেছনের মূল উদ্দেশ্য জানার জন্য তদন্ত চলছে। হতাহতের প্রকৃত সংখ্যা জানতে এখনো কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ।

শহর কর্তৃপক্ষের মুখপাত্র জোশ পালমার বলেন, গুলির ঘটনায় তিনজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারী আছেন কি না, সেটা তিনি নিশ্চিত করেননি।

আইডাহো অঙ্গরাজ্যের দক্ষিণের শহর টুইন ফলস। সল্ট লেক সিটি থেকে শহরটির দূরত্ব প্রায় ২৯০ কিলোমিটার। শহরটিতে প্রায় ৫৬ হাজার মানুষ বসবাস করে।

/এসবি/