শিরোনাম

ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান দিয়েগোর মিরামার বিমানঘাঁটির কাছে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের পাইলটের অবস্থা নিয়ে প্রথমে ধোঁয়াশা তৈরি হয়। পরে জানা গেছে, তিনি নিরাপদে বিমান থেকে বেরিয়ে এসেছেন।

শনিবার (১ আগস্ট) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন মেরিন কোর জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হওয়ার আগে এফ-৩৫বি স্টেলথ ফাইটার থেকে পাইলট ইজেক্ট করেন। এ ঘটনায় তিনি আঘাত পেলেও তা গুরুতর নয়। তাকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসার জন্য নেওয়া হয়।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ধুলোমাখা একটি মাঠে ধ্বংসস্তূপ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ঘটনাস্থলে মাটিতে সাদা রঙের অগ্নিনিরোধক পদার্থ ছড়িয়ে রয়েছে। এ সময় সেখানে একাধিক সামরিক, দমকল বাহিনীর যানবাহন এবং ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে দেখা গেছে।

গভর্নমেন্ট অ্যাকাউন্টিং অফিসের ২০২৪ সালের এক বিশ্লেষণে বলা হয়েছে, মার্কিন মেরিন কোর, নৌবাহিনী ও বিমান বাহিনীর মিলিয়ে ৬৩০টিরও বেশি এফ-৩৫ রয়েছে। এর মধ্যে এফ-৩৫বি উন্নত একটি সংস্করণ। এটি স্বল্প দূরত্বে উড্ডয়ন এবং খাড়াভাবে অবতরণের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। একটি এফ-৩৫বি বিমানের দাম প্রায় ১০৯ মিলিয়ন ডলার।

মেরিন কোরের এক বিবৃতিতে দুর্ঘটনাটিকে ‘এ ক্লাস দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি সবচেয়ে গুরুতর ধরনের দুর্ঘটনাকে নির্দেশ করে। কোনো দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ ২০ লাখ ডলারের বেশি হলে, অথবা বিমান ধ্বংস হয়ে গেলে কিংবা কোনো সেনাসদস্য নিহত হলে সেটিকে ‘এ ক্লাস দুর্ঘটনা’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়।

এয়ার ফোর্স সেফটি সেন্টারের পরিসংখ্যান বলছে, শুধু বিমান বাহিনীতেই ২০০০ সাল থেকে এফ-৩৫ বিমানকে ঘিরে অন্তত আরও ১৭টি ‘এ ক্লাস দুর্ঘটনা’ ঘটেছে।

প্রসঙ্গত, ক্যালিফোর্নিয়ার এই ঘাঁটিতেই একসময় ‘টপ গান’ চলচ্চিত্রে চিত্রিত নৌবাহিনীর ফাইটার পাইলট প্রশিক্ষণ স্কুল ছিল। এটি একসময় ‘ফাইটারটাউন ইউএসএ’ নামে পরিচিত ছিল। ১৯৯৬ সালে ঘাঁটিটি মেরিন কোরের কাছে হস্তান্তর করা হয়। ফলে স্কুলটি নেভাডার নেভাল এয়ার স্টেশন ফ্যালনে স্থানান্তর করা হয়।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/জেএইচ/