শিরোনাম

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট
ক্যারোলিন লেভিট

পরিবার ও সন্তানদের সময় দিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যারোলিন লেভিট। আগস্টের শেষেই তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব ছাড়বেন। মার্কিন ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করা লেভিটের এ সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন ও সম্মান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস ছাড়লেও প্রশাসনিক কাঠামোর বাইরে থেকে তিনি ট্রাম্পের শীর্ষ বাহ্যিক উপদেষ্টা এবং রিপাবলিকান পার্টির অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে কাজ চালিয়ে যাবেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, একজন মা হিসেবে দুই ছোট সন্তানকে সময় দেওয়ার যে মানবিক সিদ্ধান্ত লেভিট নিয়েছেন, তা তিনি গভীরভাবে অনুধাবন করেন। ট্রাম্পের এ ঘোষণার পরপরই এক্সে আবেগঘন প্রতিক্রিয়া জানান ক্যারোলিন লেভিট। হোয়াইট হাউসে প্রেস সেক্রেটারি পদে কাজ করাকে জীবনের ‘সর্বোচ্চ সম্মান ও রোমাঞ্চকর অনুভূতি’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। লেভিট উল্লেখ করেন, বিশ্বের সবচেয়ে কঠিন ও দায়িত্বপূর্ণ কাজ সামলানোর পাশাপাশি নতুন সন্তানের জন্ম দেওয়া অত্যন্ত আনন্দের হলেও বাস্তবিকভাবে বেশ চ্যালেঞ্জিং ছিল। তিনি অনুধাবন করেছেন, এই পদের জন্য যে নিরবচ্ছিন্ন সময় ও সর্বোচ্চ মনোযোগ প্রয়োজন, তা দিতে গেলে দুই ছোট সন্তানের কাছে সেরা মা হিসেবে নিজেকে তুলে ধরা সম্ভব হচ্ছিল না। আর সেই মানবিক স্থান থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

মে মাসে লেভিটের ঘরে আসে দ্বিতীয় সন্তান। তার দুই বছর বয়সী একটি ছেলেও রয়েছে। সন্তান জন্মের পর প্রায় সাত সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে গত মাসেই তিনি পুনরায় কর্মস্থলে যোগ দিয়েছিলেন। তার অনুপস্থিতিতে জেডি ভ্যান্স ও মার্কো রুবিওর মতো শীর্ষ নেতারা পোডিয়াম সামলেছেন।

হোয়াইট হাউসে দায়িত্ব নেওয়ার আগে ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনে সহকারী প্রেস সেক্রেটারি ও বক্তব্য লেখক হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা ছিল লেভিটের। পরবর্তীতে তিনি নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক, ২০২২ সালের নিউ হ্যাম্পশায়ারের কংগ্রেস নির্বাচনের প্রার্থী এবং ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনি প্রচারণার জাতীয় প্রেস সেক্রেটারি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সাংবাদিকদের সঙ্গে লেভিটের সম্পর্ক ছিল বেশ চড়াই-উতরাই ও আক্রমণাত্মক ধাঁচের। গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিভিন্ন সময় কঠোর অবস্থান নিলেও ট্রাম্প সমর্থক ও কনজারভেটিভদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। সারাহ হাকাবি স্যান্ডার্সের পর ট্রাম্পের মেয়াদে দ্বিতীয় দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী প্রেস সেক্রেটারি হলেন তিনি। তবে লেভিটের পদত্যাগের পর ট্রাম্পের দুই মেয়াদ মিলিয়ে ষষ্ঠ প্রধান মুখপাত্র হিসেবে কে পোডিয়ামে দাঁড়াবেন, তা নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

সূত্র: বিবিসি

/এমএকে/